প্রাক্তন দেবের বাহুডোরেই উষ্ণ আশ্লেষ শুভশ্রীর! নম্বর ডিলিট থেকে ব্লকের কথা ফাঁস হতেই হু হু করে ভাইরাল ছবি

কিছু রসায়ন সত্যিই কালজয়ী, সময়ের নিয়মে যার টান এতটুকু ফিকে হয় না। রুপোলি পর্দার অন্যতম সেরা রোম্যান্টিক জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় আরও একবার প্রমাণ করলেন, তাঁদের উপস্থিতি মানেই সম্পর্কের সেই চেনা উষ্ণতা আর নিখাদ ম্যাজিক। আসন্ন ছবি ‘দেশু৭’ নিয়ে সোমবার আচমকাই একসঙ্গে ফেসবুক লাইভে হাজির হয়েছিলেন এই তারকা জুটি। আর সেই লাইভের রেশ কাটতে না কাটতেই সামনে এল তাঁদের এক বিশেষ ফটোশ্যুট, যা নতুন করে মনে করিয়ে দিচ্ছে ভালোবাসার সেই আবেগময় মুহূর্তগুলোকে।

প্রতিটি ফ্রেমে ধরা পড়েছে এক গভীর ও নিবিড় স্পর্শ। নীল ও ধূসর শেডের আধুনিক ওয়েস্টার্ন পোশাকে হাজির হয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তাঁরা। শুভশ্রীকে পেছন থেকে উষ্ণ আশ্লেষে জড়িয়ে ধরেছেন দেব, আর তাঁদের চোখেমুখে জমে রয়েছে এক অদেখা অনুভূতির গল্প। যেন কোনো শব্দ ছাড়াই চোখের পলকে আদান-প্রদান হয়ে যাচ্ছে হাজারটা কথা। তবে গম্ভীর মুহূর্তের পরেই ভেসে উঠেছে প্রাণখোলা হাসির ঢেউ। দেবের আলতো বাহুবন্ধনে থেকে শুভশ্রীর সেই মিষ্টি ও অকৃত্রিম হাসি যেন মুহূর্তের মধ্যে সমস্ত দূরত্ব মুছে দিয়েছে।

ঝগড়া, ব্লক আর পুরনো স্মৃতির রোমন্থন
পর্দার এই রোম্যান্সের বাইরেও লাইভের আড্ডায় উঠে এসেছে তাঁদের ব্যক্তিগত রসায়নের বহু অজানা দিক। অতীতে নানা ভুল বোঝাবুঝির জেরে একে অপরের নম্বর ডিলিট বা ব্লক করার পুরোনো অভ্যাসের কথা নিজেই স্বীকার করেছেন দেব। তবে অভিনেতা জানিয়েছেন, সব ঝড়ঝাপটা পেরিয়ে রাজ-শুভশ্রীর বিয়ের আগের দিনও তাঁদের মধ্যে কথা হয়েছিল।

এদিনের লাইভে সব অভিমান ভুলে নতুন করে পথ চলার অঙ্গীকার করেছেন এই জুটি। শুভশ্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “আর যাই হোক, আমরা ঠিক করেছি আর ঝগড়া করব না। আর একে অপরের নম্বর ব্লক করব না।” এরপরই পরিচালক অরিত্রর কথায় দেব তাঁর ফোন থেকে পুরোনো নাম বদলে শুভশ্রীর নম্বরটি ‘শুভ’ নামে সেভ করেন। এতদিন যে নম্বরটি দেবের ফোনে ‘শুভশ্রীদি অ্যাকট্রেস’ নামে সেভ করা ছিল, তা বদলানোর সময় পাশ থেকে নায়িকা বলে ওঠেন, “শুভ তো ছেলেদেরও নাম হয়…।” উত্তরে তাৎক্ষণিক দেব পাল্টা প্রশ্ন করেন, “তোমার জীবনে কি আরেকটা দেব আছে?” শুভশ্রী সঙ্গে সঙ্গে ‘না’ বলে দিলে দেব বুঝিয়ে দেন, তাঁর জীবনে ‘শুভ’ মানে শুধুই শুভশ্রী! পর্দার ভালোবাসা হোক বা ক্যামেরার পেছনের এই খুনসুটি, দেব-শুভশ্রীর এই কেমেস্ট্রি ফের প্রমাণ করে দিল— তাঁদের জুটি আজও টলিপাড়ার অন্যতম সেরা আকর্ষণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *