৬ বছর পর চাঞ্চল্যকর মোড়! সুশান্তের ম্যানেজার দিশার মৃত্যু মামলায় CBI তদন্তের নির্দেশ

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কয়েক দিন আগে তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যুর ঘটনায় বড় মোড় এল। ঘটনার দীর্ঘ ছ’বছর পর এই মামলায় সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিল বম্বে হাইকোর্ট। আদালত জানিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অবিলম্বে এফআইআর দায়ের করে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করতে হবে এবং পুরো প্রক্রিয়াটি পরিচালনা করবেন সংস্থারই কোনো সিনিয়র অফিসার।
বুধবার বিচারপতি এসভি কোতওয়াল এবং বিচারপতি আরআর ভোঁসলের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। দিশার মৃত্যুর সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁর বাবা সতীশ সালিয়ান। আদালতে সতীশের আইনজীবী নীলেশ ওঝা জোরালো সওয়াল করেন যে, দিশাকে খুন করা হয়েছে বলে পরিবার বারবার অভিযোগ জানালেও মুম্বই পুলিশ কোনো এফআইআর পর্যন্ত দায়ের করেনি। পরিবারের এই আর্জি মেনেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
পাশাপাশি, আদালত স্পষ্ট শর্ত দিয়েছে যে, কাউকে সন্দেহ করার মতো জোরালো বা যুক্তিসঙ্গত কারণ না থাকলে যেন কাউকে আটক করা না হয়। এমনকি তদন্তে যদি কোনো নতুন তথ্য বা প্রমাণ না মেলে, তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অনুযায়ী নির্ধারিত নিয়ম মেনে আদালতে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে।
উল্লেখ্য, সুশান্তের ম্যানেজার হিসেবে কাজ করা দিশা সালিয়ানের মৃতদেহ ২০২০ সালের ৮ জুন তাঁর মুম্বইয়ের বাড়ির বারান্দার নিচ থেকে উদ্ধার হয়েছিল। প্রাথমিক তদন্তের পর মুম্বই পুলিশ এটিকে আত্মহত্যা বলেই দাবি করেছিল। কিন্তু দিশার বাবা শুরু থেকেই অভিযোগ করে আসছেন যে, তাঁর মেয়েকে প্রথমে গণধর্ষণ এবং পরে খুন করা হয়েছে। সেই সময়ে এই ঘটনার সঙ্গে উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরের নাম জড়িয়ে পড়ায় রাজনৈতিক মহলেও ব্যাপক শোরগোল পড়েছিল। এরপর দিশার মৃত্যুর ঠিক কয়েক দিন পরেই সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় এই দুই মৃত্যুর যোগসূত্র নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছিল। দীর্ঘ আইনি লড়াইয়ের পর এবার সিবিআই তদন্তের নির্দেশে প্রকৃত সত্য সামনে আসবে বলেই আশা প্রকাশ করেছে দিশার পরিবার।