মাত্র ১০ টাকায় খাঁটি দুধের আইসক্রিম! বাজারে আসতেই আমুল-মেট্রো ডেয়ারির ঘুম ওড়াল রিলায়েন্স

আমুল, কোয়ালিটি এবং মেট্রো ডেয়ারির মতো তাবড় ব্র্যান্ডের একচ্ছত্র আধিপত্য থাকা আইসক্রিম বাজারে এবার সরাসরি পা রাখল রিলায়েন্স। সাধারণ গ্রাহকদের সাধ্যের মধ্যে খাঁটি দুধের আইসক্রিম পৌঁছে দিতে মাত্র ১০ টাকা থেকে এই নতুন রেঞ্জ শুরু করছে মুকেশ আম্বানির সংস্থা। রিলায়েন্সের মতো বিশালাকার কর্পোরেট জায়ান্ট এই প্রতিযোগিতায় নেমে পড়ায় অন্য কোম্পানিগুলোর কপালে যে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে, তা বলাই বাহুল্য।

কোন নামে আসছে এই আইসক্রিম?
রিলায়েন্স কনজুমার প্রোডাক্ট লিমিটেড (RCPL) ‘বম্বে ক্রিমারি’ (Bombay Creamery) ব্র‍্যান্ডের অধীনে এই আইসক্রিম বাজারে নিয়ে আসছে। মূলত কম দামে সেরা মানের দুধের আইসক্রিম ক্রেতাদের হাতে তুলে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। বাজার বিশেষজ্ঞদের মতে, দেশজুড়ে রিলায়েন্সের যে সুবিশাল সাপ্লাই নেটওয়ার্ক রয়েছে, তাতে এই নতুন প্রোডাক্ট খুব দ্রুত দেশের প্রতিটি কোণে ছড়িয়ে পড়তে একবিন্দুও সময় নেবে না।

কী জানাচ্ছে সংস্থা?
প্রাথমিক পর্যায়ে এই আইসক্রিম পশ্চিম ভারতের বাজারে পাওয়া গেলেও খুব শীঘ্রই একে সারা ভারতে লঞ্চ করা হবে। এই প্রসঙ্গে রিলায়েন্স কনজুমার প্রোডাক্ট লিমিটেডের ডিরেক্টর টি কৃষ্ণকুমার জানান, খাঁটি দুধের আইসক্রিম তৈরির ক্ষেত্রে তারা কোনো রকম শর্টকাট বা কৃত্রিম পদ্ধতির আশ্রয় নেননি। প্রতিটি ভারতীয়র সাধ্যের কথা মাথায় রেখে এই পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে।

আর কী বিক্রি করে আরসিপিএল (RCPL)?
রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড কেবল আইসক্রিম বাজারেই নয়, এর আগেও ফাস্ট মুভিং কনজুমার গুডস (FMCG) সেক্টরে নিজেদের আধিপত্য বিস্তার করেছে। এই কোম্পানির পোর্টফোলিওতে রয়েছে ক্যাম্পা কোলা, ওরেঞ্জ ও লেমন ফ্লেভারের ড্রিঙ্কসের পাশাপাশি ‘ইন্ডিপেন্ডেন্স’ ব্র্যান্ডের ভোজ্যতেল, আটা ও প্যাকেজড পানীয় জল। এ ছাড়াও নুডলস, সস, জ্যাম, মশলা, বিস্কুট এবং বিভিন্ন মিষ্টিজাতীয় সামগ্রীও বাজারে বিক্রি করে এই সংস্থা।

প্রসঙ্গত, সম্প্রতি আইসক্রিমের বাজারে ভেজাল এবং তেলের তৈরি ক্রিম ব্যবহারের বিরুদ্ধে সুর চড়িয়েছিল আমুল। বাজারের অন্য বহু ব্র্যান্ড পাম অয়েল বা উদ্ভিজ তেল দিয়ে আইসক্রিম তৈরি করলেও তারা যে খাঁটি দুধ ব্যবহার করছে, তা বারবার জোরালোভাবে তুলে ধরেছে আমুল ও কোয়ালিটির মতো নামী সংস্থাগুলো। ঠিক এমন একটি সময়ে রিলায়েন্সের এই ‘আসল দুধের আইসক্রিম’ বাজারে আসার ঘোষণা প্রতিযোগিতা যে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *