ট্রেলারে নেই সানি দেওল! রামায়ণে হনুমানকে নিয়ে নীতীশ তিওয়ারির কোন বিরাট চালে থমকে গেল নেটপাড়া?

নীতীশ তিওয়ারির পরিচালনায় রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ বর্তমান সময়ে ভারতীয় সিনেমার জগতের অন্যতম প্রতীক্ষিত এবং ব্যয়বহুল প্রজেক্ট। ছবির স্টার কাস্ট থেকে শুরু করে চোখধাঁধানো ভিএফএক্স—সব কিছু নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। তবে সম্প্রতি ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তা হলো ছবিতে ‘হনুমান’-এর চরিত্রে অভিনয় করা সানি দেওল কোথায়? ট্রেলারে অভিনেতার কোনো রকম ঝলক দেখতে না পাওয়ায় নেটপাড়ায় ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়ে গিয়েছিল। আর এবার সেই রহস্যেরই জট খুলল।

শোনা যাচ্ছে, ছবির ট্রেলারে সানি দেওলকে না রাখার নেপথ্যে রয়েছে নির্মাতাদের একটি বিরাট মাস্টারপ্ল্যান। ছবির প্রথম পর্বে হনুমান-এর চরিত্রটিকে অত্যন্ত সযত্নে ‘গোপন’ রাখা হয়েছে এবং তাঁর প্রথম ঝলক সরাসরি উন্মোচিত হবে ‘রামায়ণ পার্ট ১’-এর একেবারে ক্লাইম্যাক্সে। ইন্ডাস্ট্রির অন্দরের খবর অনুযায়ী, ছবির একদম শেষ পর্যায়ে অর্থাৎ ক্লাইম্যাক্সে প্রথমবার বড় পর্দায় দেখা মিলবে ‘বজরংবলী’র। এই চমক হতে পারে ছবির একদম শেষ দৃশ্য কিংবা মিড-ক্রেডিট বা পোস্ট-ক্রেডিট সিকোয়েন্সের অংশ। নির্মাতাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে যে, ছবির প্রথম পার্ট শেষ হওয়ার ঠিক আগে হনুমানের এই গ্র্যান্ড এন্ট্রি সিনেমা হলের দর্শকদের মধ্যে এক চরম রোমাঞ্চ তৈরি করবে, যা সরাসরি পরবর্তী সিক্যুয়েলের জন্য দর্শকদের মুখিয়ে থাকতে বাধ্য করবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘রামায়ণ’ ছবি নিয়ে মুখ খুলেছিলেন সানি দেওল নিজেও। ছবি নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়ে তিনি বলেন, ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যদ্বাণী করতে তিনি পছন্দ করেন না। তবে ছবির ট্রেলার দেখে তাঁর মনে হয়েছে এর স্পেশাল এফেক্টস দুর্দান্ত মানের। পরিচালক নীতীশ তিওয়ারির প্রশংসায় তিনি জানান, পরিচালক অত্যন্ত প্রতিভাবান এবং তাঁর আশা গল্পটা যতটা সম্ভব সহজ রাখা হয়েছে। নিজের অভিনীত চরিত্রটি নিয়ে কথা বলতে গিয়ে কিছুটা নস্টালজিক হয়ে পড়েন অভিনেতা। তিনি স্মরণ করেন যে আগের দিনে দূরদর্শনের রামায়ণে এই বিখ্যাত চরিত্রে দারা সিংজি অভিনয় করেছিলেন, আর এবার সেই দায়িত্ব তাঁর কাঁধে। এই নিয়ে খানিক কৌতূহল প্রকাশ করে তিনি বলেন, জানেন না কতটা কী করতে পারবেন।

এদিকে, ছবির প্রযোজক নমিত মালহোত্রা সম্প্রতি মুম্বইয়ে এক অনুষ্ঠানে রামায়ণের মুক্তির দিন নিয়ে বড় আপডেট প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারের ফ্রাইডে রিলিজের নিয়ম মেনে ছবিটি নভেম্বর মাসের ৬ তারিখ মুক্তি পেলেও, ভারতে দীপাবলির ঠিক পরপরই অর্থাৎ ৮ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে এই মেগা প্রজেক্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *