ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানোর দিন শেষ! ঘরে বসেই কীভাবে করবেন রেশন কার্ডের তথ্য সংশোধন? জেনে নিন বিশদে

রেশন কার্ড আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নথি। অনেক সময়ই এই কার্ডে থাকা বিভিন্ন তথ্যে ভুলত্রুটি থেকে যায় বা পরিবর্তনের প্রয়োজন হয়। এই কাজের জন্য অতীতে সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো। তবে সঠিক নিয়ম জানা থাকলে এখন ঘরে বসেই খুব সহজেই রেশন কার্ডের এই সমস্ত সমস্যা সমাধান করা সম্ভব।
রেশন কার্ডের গুরুত্বপূর্ণ তথ্য আপডেট বা পরিবর্তন করা বর্তমানে সম্পূর্ণ সম্ভব। কার্ডে নাম, ঠিকানা, মোবাইল নম্বর সংশোধন করার পাশাপাশি পরিবারের নতুন সদস্যের নাম যোগ করা বা পুরনো নাম বাদ দেওয়ার কাজটিও করা যায়। এই পুরো প্রক্রিয়াটি অনলাইনেই সম্পন্ন করা সম্ভব, তবে অফলাইনের সুবিধাও খোলা রয়েছে।
অনলাইনে রেশন কার্ড সংশোধনের ধাপসমূহ:
অফিসিয়াল ওয়েবসাইট: প্রথমে আপনার সংশ্লিষ্ট রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল পোর্টালে ভিজিট করতে হবে।
রেজিস্ট্রেশন ও লগইন: সাইটে প্রবেশ করে মোবাইল নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন বা লগইন করুন। অ্যাকাউন্ট না থাকলে নতুন করে নিবন্ধন করতে হবে।
ফর্ম নির্বাচন: ডিপার্টমেন্ট সার্ভিস বিভাগে গিয়ে “Form For Modification in Ration Card” অপশনটি বেছে নিতে হবে।
তথ্য আপডেট: আপনার রেশন কার্ড নম্বরটি এন্ট্রি করলেই পরিবারের সমস্ত তথ্য স্ক্রিনে ভেসে উঠবে। এবার যে তথ্যগুলি পরিবর্তন বা সংশোধন করতে চান, সেগুলি আপডেট করে নিন।
নথিপত্র আপলোড: সংশোধনের সাপেক্ষে প্রয়োজনীয় নথি যেমন—বিবাহের শংসাপত্র, জন্ম সার্টিফিকেট, নতুন ঠিকানার প্রমাণপত্র বা অন্যান্য প্রাসঙ্গিক কাগজ স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন জমা ও অ্যাকনলেজমেন্ট: সমস্ত প্রক্রিয়া শেষে আবেদনটি সাবমিট করুন। এরপর স্ক্রিনে আসা অ্যাকনলেজমেন্ট বা রসিদ নম্বরটি ভবিষ্যতের জন্য যত্ন সহকারে সংরক্ষণ করুন।
অনলাইনে আবেদন করতে গিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে নিকটস্থ ফুড সাপ্লাই সার্কেল অফিসে গিয়ে অফলাইনেও আবেদন করার সুযোগ রয়েছে। এছাড়া রেশন কার্ড সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য জাতীয় টোল ফ্রি হেল্পলাইন নম্বর ১৯৬৭ বা ১৪৪৫৭ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।