‘আমি নাকি মারা গিয়েছি’, মৃতু্যর ভুয়ো খবর ছড়াতেই মেজাজ হারালেন বিপ্লব চট্টোপাধ্যায়

সোশ্যাল মিডিয়ায় তারকাদের ভুয়ো মৃত্যুর খবর ছড়ানোর ট্রেন্ড নতুন নয়। এবার এই সাইবার হয়রানির শিকার হলেন প্রবীণ অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। মঙ্গলবার সকাল থেকেই তাঁর ছবি দিয়ে ‘প্রয়াত’ ক্যাপশনে একটি ভুয়ো পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যার জেরে দেশ-বিদেশ থেকে তাঁর কাছে ফোন আসতে শুরু করে এবং চরম বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন অভিনেতা।
এই ভুয়ো খবরের তীব্র প্রতিবাদ জানিয়ে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরামের অফিশিয়াল পেজ থেকে একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে। সেই ভিডিওতে ক্ষোভ উগরে দিয়ে বিপ্লব চট্টোপাধ্যায় বলেন, তাঁর মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। এরপর নিজের চিরচেনা রসবোধ বজায় রেখেই তিনি বলেন, মানুষ তাঁকে পর্দায় বদমায়েশ চরিত্রে দেখে খারাপ লোক বলেই জানেন, তবে তিনি রাজনৈতিক নেতাদের মতো অতটাও খারাপ নন।
ভিডিওর শেষভাগে হাতজোড় করে অভিনেতা সকলকে অনুরোধ করেন, এই ধরনের অসংবেদনশীল ও বিভ্রান্তিমূলক খবর ছড়ানো অবিলম্বে বন্ধ করা উচিত। যে বা যাঁরা এই ধরনের কাজ করছেন, তা নিছক শিক্ষার অভাব বলেই মনে করেন তিনি। এমন ভুয়ো খবরের কারণে শুধু অভিনেতা নিজে নন, তাঁর পরিবার-পরিজন এবং অনুরাগীরাও তীব্র মানসিক উদ্বেগের মধ্যে পড়েন। এর আগে অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়কে নিয়েও বহুবার একই ধরনের ভুয়ো মৃত্যুর খবর রটানো হয়েছিল, যা বারবার শিল্পীদের সুরক্ষা ও সাইবার অপরাধের কড়া নজরদারির প্রশ্নটিকে সামনে নিয়ে আসছে।