মাংসের পুরনো স্বাদে একঘেয়েমি এসেছে? আজই বাড়িতে ট্রাই করুন রেস্তোরাঁ স্টাইলের তিল বাটা কষা চিকেন

বাঙালির রবিবারের দুপুরের মেনু মানেই চিরকাল মাংস-ভাত এক অনিবার্য আকর্ষণ। একটা সময় ছিল যখন বাড়িতে মাংস রান্না হওয়া মানেই তা এক বিশেষ বিলাসিতা, যা মূলত মাসে এক কিংবা দু’বার দেখা যেত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে খাদ্যাভ্যাসে পরিবর্তন আসায় এখন মাংস ছাড়া অনেকেরই দুপুরের বা রাতের খাবার যেন রোচে না। বিশেষ করে সামনেই দুর্গাপুজো, আর এই উৎসরের মরশুমে খাওয়া-দাওয়া ও ঘোরাঘুরির এলাহি আয়োজন চলবে সেটাই স্বাভাবিক। এছাড়া হঠাৎ বাড়িতে অতিথি চলে এলে কম সময়ে সেরা পদ পরিবেশন করতে চিকেনের জুড়ি মেলা ভার। অন্যান্য আমিষ পদের তুলনায় চিকেন যেমন দ্রুত রান্না করা যায়, তেমনই এতে রয়েছে ভরপুর পুষ্টিগুণ ও তুলনামূলক কম দাম। সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায় জিভে জল আনা ‘তিল বাটায় কষা চিকেন’। রইল এই সুস্বাদু পদের সহজ রন্ধনপ্রণালী।

প্রয়োজনীয় উপকরণ:

মুরগির মাংস: ৭০০ গ্রাম

সাদা তিল: ৭০ গ্রাম (এক টেবিল-চামচ আলাদা রাখতে হবে)

কাজু বাদাম: ২০ গ্রাম

কাঁচালঙ্কা: ৫ থেকে ৭টি

পেঁয়াজ কুচি: ৩টি মাঝারি সাইজের

আদা-রসুন বাটা: ১ টেবিল-চামচ

দুধ: ৩ থেকে ৪ টেবিল-চামচ

ঘি: ১ টেবিল-চামচ

সাদা তেল: ২ টেবিল-চামচ

গোলমরিচ গুঁড়ো: ১ টেবিল-চামচ

টক দই: ২ টেবিল-চামচ

সহজ রান্নার পদ্ধতি:

প্রথমে মুরগির মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর মাংসের মধ্যে টক দই, অল্প সাদা তেল, পরিমাণমতো নুন এবং গোলমরিচ গুঁড়ো ভালো করে মাখিয়ে অন্তত আধ ঘণ্টা ম্যারিনেট করে রেখে দিন।

এবার একটি শুকনো কড়াইয়ে সাদা তিল এবং কাজু বাদাম হালকা করে শুকনো খোলায় নাড়াচাড়া করে ভেজে নিন। ভাজা তিল থেকে ১ টেবিল-চামচ সাদা তিল আলাদা তুলে রাখুন এবং বাকি তিল ও কাজু একসঙ্গে সামান্য দুধ দিয়ে মিহি পেস্ট বা বেটে নিন।

এরপর কড়াইতে তেল ও ঘি একসঙ্গে গরম করুন। তেল গরম হলে তাতে মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে সোনালী করে ভাজুন। পেঁয়াজ ভাজা হলে তাতে আদা-রসুন বাটা এবং কাঁচালঙ্কা বাটা দিয়ে ভালো করে কষাতে থাকুন। স্বাদমতো নুন দিয়ে মশলা থেকে তেল ছাড়লে তাতে তৈরি করে রাখা তিল-কাজুর পেস্ট বা বাটা মশলা মিশিয়ে দিন।

এবার চুলার আঁচ কমিয়ে মশলা কিছু সময় কষিয়ে নেওয়ার পর ম্যারিনেট করা মাংস কড়াইতে দিয়ে দিন। মাংস দেওয়ার পর আঁচ বাড়িয়ে দিয়ে অন্তত মিনিট পাঁচেক কষাতে হবে। মাংস থেকে জল কাটলে আঁচ কমিয়ে কড়াই ঢাকা দিয়ে রান্না করতে থাকুন। মাংস সেদ্ধ হওয়ার সময় প্রয়োজন হলে অল্প গরম জল দিতে পারেন, তবে এই পদটি মূলত গা-মাখা কাই বিশিষ্ট হয়।

প্রতি ৫ থেকে ৭ মিনিট অন্তর ঢাকনা খুলে মাংস ভালো করে নেড়ে দিতে হবে, যাতে তলা ধরে না যায়। মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে এবং উপর থেকে তেল ছাড়তে শুরু করলে নামানোর আগে ছড়িয়ে দিন আগে থেকে আলাদা করে রাখা ওই ১ টেবিল-চামচ ভাজা সাদা তিল। ব্যস, গরম গরম ভাত কিংবা পরোটার সঙ্গে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত সুস্বাদু ‘তিল বাটায় কষা চিকেন’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *