বিশ্বব্যাঙ্কের রায় সোজাসুজি খারিজ মোদী সরকারের! সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে বড় মোড়

পহেলগাঁও জঙ্গি হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রাখল ভারত। বিশ্বব্যাঙ্ক গঠিত তথাকথিত ‘Court of Arbitration’ বা সালিশি আদালতের দেওয়া সাম্প্রতিক রায় সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই সালিশি সংস্থাটি অবৈধভাবে গঠিত হয়েছে এবং ভারতের সার্বভৌম সিদ্ধান্তের বিষয়ে নাক গলানোর কোনো আইনি এখতিয়ার তাদের নেই।
সম্প্রতি ওই সালিশি আদালত দাবি করেছিল যে, পাকিস্তান ও ভারতের মধ্যেকার সিন্ধু জলবণ্টন চুক্তি এখনও বহাল রয়েছে এবং তা কার্যকর করতে হবে। একই সঙ্গে জম্মু ও কাশ্মীরের একটি জলবিদ্যুৎ প্রকল্পের কাজ সীমিত রাখার নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু শুরু থেকেই এই প্যানেলের অস্তিত্বকে স্বীকৃতি দেয়নি ভারত। বিদেশমন্ত্রকের স্পষ্ট বক্তব্য, এই সালিশি সংস্থা গঠন করাই সিন্ধু জল চুক্তির শর্তাবলির গুরুতর লঙ্ঘন। ফলস্বরূপ, এই প্যানেলের সামনে ভারত কখনোই হাজির হয়নি এবং অতীতে দেওয়া তাদের কোনো সিদ্ধান্তও মান্যতা পায়নি।
উল্লেখ্য, গত বছর এপ্রিল মাসে পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঠিক পরেই পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হিসেবে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। এর পর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। পাকিস্তানি নেতৃত্ব এই সিদ্ধান্তকে নিজেদের ‘রেড লাইন’ বলে বারবার হুঙ্কার দিলেও ভারত নিজের অবস্থানে অনড় রয়েছে। নয়াদিল্লি সাফ জানিয়ে দিয়েছে, এই তথাকথিত আদালতের বর্তমান বা ভবিষ্যতের কোনো রায়ই ভারতের অভ্যন্তরীণ পরিকাঠামো ও জলবিদ্যুৎ প্রকল্পের ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না।