“বিয়ের দিনও কথা হয়েছিল দেবের সঙ্গে!”-লাইভেই গোপন তথ্য ফাঁস করলেন শুভশ্রী

অনস্ক্রিন কেমেস্ট্রি হোক কিংবা ব্যক্তিগত সমীকরণ—দেব ও শুভশ্রী জুটির ম্যাজিক দেখতে সব সময়ই মুখিয়ে থাকেন দর্শকরা। গত বছর বক্স অফিসে ঝড় তোলার পর, চলতি বছরের গোড়াতেই তাঁদের নতুন ছবি ‘দেশু৭’ আসার কথা ঘোষণা হতেই উন্মাদনা শুরু হয়ে গিয়েছিল ভক্তদের মধ্যে। ছবি মুক্তির আগেই একের পর এক চমক সামনে আসছে। আর এবার সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে অতীতের সব বরফ গলিয়ে একপ্রকার সব গোপন কথা ফাঁস করে দিলেন এই তারকা জুটি।

সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ সেশনের আয়োজন করা হয়েছিল, যা পরিচালনা করেন সঞ্চালক তথা অভিনেতা অরিত্র দত্ত বণিক। সেখানে দেব ও শুভশ্রীকে বিভিন্ন ব্যক্তিগত ও পেশাগত বিষয়ে প্রশ্ন করা হয়। একে অপরকে সোশ্যাল মিডিয়ায় ফলো, আনফলো কিংবা ব্লক করা নিয়ে কথা বলতে গিয়েই মুখ ফসকে এক বিস্ফোরক তথ্য ফাঁস করে দেন দেব। তিনি জানান, তাঁদের সম্পর্কের ভাঙনের পরেও যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়নি। দেবের দাবি, শুভশ্রীর বিয়ের আগের দিন তো বটেই, এমনকি তাঁর বিয়ের দিনও তাঁদের মধ্যে কথা হয়েছিল।

দেব অকপটে স্বীকার করেন, তাঁদের সম্পর্কটা ইঁদুর-বিড়ালের মতো ছিল—মাঝে কথা হতো, আবার ঝগড়া হতো, এরপর একে অপরকে ব্লকও করতেন। তবে বিয়ের সময়ের সেই যোগাযোগই ছিল তাঁদের জীবনের শেষ ব্লক করার ঘটনা। এই কথা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই কিছুটা ঘাবড়ে যান দেব। তিনি সরাসরি শুভশ্রীর দিকে তাকিয়ে রসিকতার সুরে বলেন, “কেস খাব না তো, তুমি ম্যানেজ করে নেবে তো?” জবাবে হাসিমুখে মাথা নেড়ে তা সামলে নেওয়ার ইঙ্গিত দেন শুভশ্রী।

উল্লেখ্য, গত বছর একটি প্রমোশনাল ইভেন্টে এসে প্রকাশ্যে একে অপরকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে শুরু করেছিলেন তাঁরা। দেবের ব্যাখ্যা, তাঁদের ব্যক্তিগত জীবন সব সময় ক্যামেরার নজরে থাকার কারণে প্রকাশ্যে একে অপরের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলার সুযোগ পেতেন না তাঁরা। তবে তাঁদের পুরনো বন্ধুত্বের জায়গাটা আজও অটুট রয়েছে।

এদিনের লাইভের সবচেয়ে বড় আকর্ষণ ছিল দেবের ফোনের কন্টাক্ট লিস্ট। এতদিন দেবের ফোনে শুভশ্রীর নম্বর সেভ করা ছিল ‘শুভশ্রী দি অ্যাক্ট্রেস’ নামে, যা তিনি তাঁর টিমের কাছ থেকে পেয়েছিলেন। তবে সঞ্চালক অরিত্রর জোরাজুরিতে সেই নাম বদলে এবার থেকে ফোনে কেবল ‘শুভ’ নামে সেভ করা হলো। শুধু তাই নয়, লাইভের শেষ পর্বে এসে দুজনেই অনুরাগীদের কথা দিয়ে জানান, অতীত ভুলে তাঁরা একে অপরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আর কখনো ঝগড়া করবেন না এবং পরস্পরকে ব্লকও করবেন না। আগামী ১৬ অক্টোবর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত ছবি ‘দেশু৭’। ছবি মুক্তির দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই টিজার, ট্রেলার ও নতুন গান মুক্তির অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *