‘দেশু ৭’ নিয়ে বড় চমক আসচে কালকেই! দেবের কোন রহস্যময় ইশারা তোলপাড় ফেলে দিল নেটপাড়ায়?

‘দেশু ৭’ বা দেব-শুভশ্রী জুটির নতুন ছবি ঘিরে অনুরাগীদের উন্মাদনা ইতিমধ্যেই তুঙ্গে। এই ছবিতে তাঁদের সঙ্গে অনির্বাণ ভট্টাচার্যের উপস্থিতি বাড়তি পাওনা হলেও, ছবির প্রচারের সমস্ত আলো আপাতত নিজের দিকেই টেনে রেখেছেন খোদ দেব। সম্প্রতি লাদাখের বরফাবৃত পাহাড়ে ছবির শুটিং শেষ করে ‘মালা রে’ গানে দেব ও শুভশ্রীর কোমর দোলানোর একটি মিষ্টি মুহূর্ত নেটপাড়ায় ঝড় তুলেছিল। তবে সেই উত্তেজনার পারদ আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে এবার একগুচ্ছ নতুন ছবি প্রকাশ্যে আনলেন টলিপাড়ার ‘মেগাস্টার’।

রবিবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় লাদাখের শুটিং সেট থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন দেব। কোথাও তাঁকে দেখা যাচ্ছে গভীর চিন্তামগ্ন ভঙ্গিমায়, আবার কোথাও বা পরিচালকসুলভ তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশ মেপে নিতে। এই ছবিগুলিতে দেবের দুটি একেবারে আলাদা ও নজরকাড়া লুক প্রকাশ্যে এসেছে। একটি লুকে তাঁকে খয়েরি কমফোর্টার এবং কাঁধ ছুঁয়ে ফেলা উস্কোখুস্কো চুলে এক্কেবারে রাফ অ্যান্ড টাফ অবতারে দেখা গেছে। অন্য লুকে তিনি বেশ ক্যাজুয়াল—ঘন নীল টি-শার্ট, কালো জগার্স এবং চোখে রোদচশমা।

দেবের এই দুই স্টাইলই ইতিমধ্যেই ইন্টারনেটে সুপারহিট। তবে ফ্যানদের মনে আসল শোরগোল ফেলে দিয়েছে তাঁর ছবির ক্যাপশন। লাদাখের ব্যাকগ্রাউন্ডে ছবিগুলি পোস্ট করে দেব লিখেছেন, “আগামীকাল কিন্তু বড় দিন”। এই ছোট্ট ইঙ্গিত থেকেই পরিষ্কার যে, ‘দেশু ৭’ নিয়ে সোমবারই কোনো এক বিরাট ঘোষণা করতে চলেছেন অভিনেতা। সব মিলিয়ে, নতুন সপ্তাহের শুরুতেই দেবের এই রহস্যময় সলতে পাকানি যে অনুরাগীদের রাতের ঘুম উড়িয়েছে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *