দেশবিরোধী স্লোগান ও গ্রাফিতিতে সোজা হোয়াইটওয়াশ! মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই অ্যাকশনে যাদবপুর বিশ্ববিদ্যালয়

রাজনৈতিক তরজা এবং কড়া হুঁশিয়ারির পর অবশেষে বড় পদক্ষেপ দেখা গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসের বিভিন্ন দেওয়ালে থাকা বিতর্কিত স্লোগান, গ্রাফিতি এবং দেশবিরোধী লেখার ওপর পড়ে গেল সাদা চুনকাম। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, কর্তৃপক্ষের নির্দেশে দ্রুতগতিতে এই বিতর্কিত দেওয়াল লিখন ও গ্রাফিতি মুছে ফেলার কাজ শুরু হয়েছে।

ঠিক কী নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক? সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস হস্টেলের দেওয়ালে ‘রেড স্যালুট কিষেণজি’ লেখা সহ বিভিন্ন গ্রাফিতি ও স্লোগান নিয়ে তীব্র অসন্তোষ দানা বেঁধেছিল। এরপর যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডে আয়োজিত একটি ‘বন্দে মাতরম্’ কর্মসূচির মঞ্চ থেকে এই বিষয়টিতে সরাসরি তীব্র আপত্তি জানান শুভেন্দু অধিকারী। প্রায় দশ হাজার মানুষের উপস্থিতিতে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি হুঙ্কার দেন যে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনও রকম দেশবিরোধী স্লোগান বা কার্যকলাপ বরদাস্ত করা হবে না।

উচ্চশিক্ষা দফতর বিষয়টি দেখছে এবং তিনি নিজেও এর ওপর কড়া নজর রাখছেন বলে জানান শুভেন্দু। তাঁর এই স্পষ্ট বার্তার ঠিক পরপরই যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে বিতর্কিত দেওয়াল লিখন ও গ্রাফিতি মুছে ফেলার কাজ শুরু হওয়ায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও ঠিক কোন কোন বিতর্কিত দেওয়াল বা গ্রাফিতি এই অভিযানের আওতায় মুছে ফেলা হয়েছে, সে বিষয়ে এখনও বিশ্ববিদ্যালয়ের তরফে কোনো বিস্তারিত বা আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *