জলীয় বাষ্পে ভাসছে দক্ষিণবঙ্গ, নিম্নচাপের জেরে আজ কি তবে ভাসবে গোটা বাংলা?

রবিবার সকাল থেকেই কলকাতার আকাশ মূলত মেঘলা রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি শহরের দু-এক পশলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সোমবার ও মঙ্গলবারও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে তিলোত্তমায়, এমনকি মঙ্গলবার কলকাতায় এক দফা ভারী বৃষ্টির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা।

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের ওপর অবস্থান করা নিম্নচাপটি বর্তমানে ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত একটি ঘূর্ণাবর্তের সঙ্গে যুক্ত রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এই নিম্নচাপের সরাসরি প্রভাবে কলকাতা ছাড়াও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে উপকূলবর্তী এলাকা এবং দুই মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ ও ধারাবাহিকতা বেশি থাকবে। এছাড়া সোমবার দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

মৎস্যজীবীদের জন্য কঠোর নিষেধাজ্ঞা

নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পরিস্থিতি সামাল দিতে সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার শুধুমাত্র জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার অ্যালার্ট রয়েছে। নতুন সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। ওই দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *