‘দরজার বাইরে দাঁড়িয়েছিলেন মল্লিকার্জুন খাড়গে!’ কংগ্রেসকে ধুলোয় মিশিয়ে দিল গেরুয়া শিবির

দলিতদের অবমাননা ও চপ্পল তোলার মতো গুরুতর বিষয় নিয়ে রাহুল গান্ধীর করা মন্তব্যের জেরে উত্তপ্ত জাতীয় রাজনীতি। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তোপের মুখে পড়ে তীব্র আক্রমণ শানিয়েছে শাসক দল বিজেপি। বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী এবং জাতীয় মুখপাত্র গুরু প্রকাশ পাসওয়ান যৌথভাবে আক্রমণ করে দাবি করেছেন, কংগ্রেসের চরিত্র ও ডিএনএ পুরোপুরি দলিত-বিরোধী।

বিজেপি মুখপাত্র গুরু প্রকাশ পাসওয়ান প্রিয়াঙ্কা গান্ধীর মনোনয়ন পেশের একটি পুরনো প্রসঙ্গ টেনে বিস্ফোরক অভিযোগ করেন। তাঁর প্রশ্ন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সনিয়া, প্রিয়াঙ্কা ও তাঁদের পরিবারের সদস্যরা ঘরের ভেতরে থাকলেও কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে কেন দরজার বাইরে দাঁড়িয়ে উঁকিঝুঁকি কাটতে হয়েছিল? শুধু তাই নয়, অতীতে পুদুচেরির প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি. নারায়ণস্বামী কীভাবে রাহুল গান্ধীর চপ্পল তুলে নিয়েছিলেন, সেই ছবি তুলে ধরে রাহুলকে চরম নিশানা করেন তিনি। খাড়গেকে অসম্মান করার অধিকার কংগ্রেসের নেই বলেই তোপ দেগেছে বিজেপি।

অন্যদিকে, বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী কংগ্রেস আমলের একাধিক ঘটনার ফিরিস্তি দিয়ে বলেন, দলিতদের জীবন ও সম্মানকে কেবল নিজেদের ভোটব্যাংকের চশমা দিয়েই দেখে এই দল। কর্ণাটকে দলিত বিধায়ক অখণ্ড শ্রীনিবাস মূর্তির বাড়িতে হামলা এবং দলিতদের ওপর চলা নানা অত্যাচারের প্রসঙ্গ টেনে সুধাংশু বলেন, কংগ্রেস জমানায় দলিতদের ওপর অবিচার হলেও দল নিজের নেতাদের পাশে দাঁড়ায়নি। উল্লেখ্য, এর আগে রাহুল গান্ধী সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছিলেন যে, দেশজুড়ে দলিতদের প্রতিনিয়ত অপমান করা হচ্ছে এবং মল্লিকার্জুন খাড়গেকেও একাধিক জায়গায় হেনস্তা করা হয়েছে। কিন্তু রাহুলের সেই আক্রমণকে সম্পূর্ণ ‘রাজনৈতিক ঢিল’ আখ্যা দিয়ে উলটে কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছে বিজেপি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *