ভারত-চিন সম্পর্কের আবহে হঠাৎ চরম পদক্ষেপ বেজিংয়ের! বরখাস্ত করা হলো দর্পী সেনাপ্রধানকে

মার্কিন শুল্ক নীতির জেরে বিশ্ব রাজনীতিতে যখন নানা সমীকরণ তৈরি হচ্ছে এবং ভারত ও চিনের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার বাতাবরণ তৈরি হয়েছে, ঠিক তখনই বেজিংয়ে ঘটল এক বড় রাজনৈতিক ও সামরিক পালাবদল। ডোকলাম এবং গালওয়ান উপত্যকায় সংঘাতে নেতৃত্ব দেওয়া প্রভাবশালী চিনা সেনা আধিকারিক জেনারেল ঝাও জ়োংকিকে এবার পদ থেকে সরাল চিন।
কারা পদ হারাচ্ছেন?
চিনের পিপলস পলিটিক্যাল কনসাল্টেটিভ কনফারেন্সে ঝাওকে পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৬ অগাস্ট তাঁর সদস্যপদ কেড়ে নেওয়ার পাশাপাশি আরও দুটি পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, পিপলস লিবারেশন আর্মি বা PLA-কে নতুন করে সাজাতে চাইছে শি জিনপিং প্রশাসন। এর আগে গত ২৮ অগাস্ট সেন্ট্রাল মিলিটারি কমিশন থেকেও দুই শীর্ষ জেনারেল—ঝাং ইউশিয়া এবং লিউ ঝেংলিকে শৃঙ্খলাভঙ্গ ও আইন লঙ্ঘনের অভিযোগে ছাঁটাই করা হয়েছে।
ভারত বিরোধিতায় যার মূল ভূমিকা ছিল:
চিনের পিপলস লিবারেশন আর্মির ওয়েস্টার্ন থিয়েটার কম্যান্ডের দায়িত্বে থাকা ঝাও জ়োংকি তিব্বত, শিনজিয়াং এবং ভারত সীমান্তের সমস্ত সামরিক পদক্ষেপ পরিচালনা করতেন। ২০১৭ সালের ডোকলামে ৭২ দিনের মুখোমুখি অবস্থান এবং ২০২০ সালের মে মাসে গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের নেপথ্যে তাঁরই নির্দেশ ছিল বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছিল। সে সময় ভারতকে ‘শিক্ষা’ দেওয়ার হুঙ্কার দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। যদিও সাম্প্রতিক এই বরখাস্তের সুনির্দিষ্ট কোনো কারণ আনুষ্ঠানিকভাবে বেজিংয়ের পক্ষ থেকে জানানো হয়নি, তবে আন্তর্জাতিক মহলে এই নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে।