তুকারাম মুন্ডের দপ্তরকে তুলোধনা আদালতের! লাইসেন্স বাতিল নিয়ে কোন বড় নির্দেশ দিল হাইকোর্ট?

মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (MCA)-এর চত্বরে থাকা পাঁচটি জনপ্রিয় রেস্তোরাঁ ও ফুড স্টল বন্ধ রাখা নিয়ে খাদ্য সুরক্ষা দপ্তরের কড়া মনোভাবের বিরুদ্ধে বড়সড় স্বস্তি দিল বিচারব্যবস্থা। খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘনের অভিযোগে তুকারাম মুন্ডের নেতৃত্বাধীন মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) যেসব রেস্তোরাঁর লাইসেন্স স্থগিত করেছিল, বম্বে হাইকোর্টের হস্তক্ষেপে সেই সিদ্ধান্ত আপাতত খারিজ হয়ে গেল। আদালতের স্পষ্ট নির্দেশ, নতুন করে পরিদর্শনের রিপোর্ট ইতিবাচক হওয়ায় অবিলম্বে ওই রেস্তোরাঁগুলি পুনরায় তাদের পরিষেবা চালু করতে পারবে।
আদালতের ধমক ও বিতর্কের নেপথ্য কাহিনী:
এর আগে এফডিএ-র পরিদর্শনে রান্নাঘরের পরিচ্ছন্নতা এবং খাদ্য সুরক্ষা সংক্রান্ত কিছু অভিযোগ তুলে পাঁচটি প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করা হয়েছিল। এরপরই এমসিএ বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়। মামলার শুনানিতে আদালতে জমা পড়া নতুন পরিদর্শন রিপোর্টে দেখা যায়, রেস্তোরাঁগুলি খাদ্য সুরক্ষা সংক্রান্ত নিয়মের ৮৮ শতাংশই সফলভাবে মেনে চলছে। কিন্তু লাইসেন্স এমসিএ-র নামে থাকলেও বাস্তবে সেগুলির পরিচালনায় একটি বেসরকারি সংস্থা থাকায় এফডিএ তাতে আপত্তি জানায়।
এই আমলাতান্ত্রিক জিদ ও গোঁয়ার্তুমি দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করে আদালত। বিচারপতিরা স্পষ্ট ভাষায় এফডিএ-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, প্রশাসনের দৃষ্টিভঙ্গি আরও বাস্তবসম্মত হওয়া উচিত। শুনানিপর্বে আদালত সরাসরি প্রশ্ন তোলে— ‘আপনারা কি ভগবান নাকি?’ এমনকি প্রশাসনের আধিকারিকদের বিরুদ্ধে আদালত অবমাননার কড়া পদক্ষেপ নেওয়ারও ইঙ্গিত দেওয়া হয়।
শেষ পর্যন্ত আদালতের এই কড়া বার্তার পর এফডিএ জানায়, তারা সংশ্লিষ্ট পক্ষকে নোটিস দিয়ে বক্তব্য শোনার সুযোগ দেবে। তবে যেহেতু বর্তমান পরিদর্শনে রেস্তোরাঁগুলিতে স্বাস্থ্যবিধি বজায় থাকার প্রমাণ মিলেছে, তাই আদালতের হস্তক্ষেপে সাময়িক স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে এবং পাঁচ্চটি রেস্তোরাঁই খোলার অনুমতি মিলেছে।