অবশেষে প্রতীক্ষার অবসান! পশ্চিমবঙ্গের অশোকনগর থেকে বাণিজ্যিকভাবে শুরু হলো অপরিশোধিত তেল উত্তোলন

দেশের জ্বালানি মানচিত্রে এক নতুন ও ঐতিহাসিক সম্ভাবনার দরজা খুলে গেল। দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাইগাছি ওএনজিসি (ONGC) কেন্দ্র থেকে বাণিজ্যিকভাবে অপরিশোধিত তেল উত্তোলন শুরু হলো। এর ফলে বাংলার শিল্প ও অর্থনৈতিক মানচিত্রে এক বিরাট সাফল্যের অধ্যায় যোগ হলো।

উত্তোলনের নেপথ্যের গল্প ও গভীরতা:

ওএনজিসি সূত্রে জানা গিয়েছে, মাটির প্রায় ২ হাজার ৩৯৬ মিটার গভীর থেকে অত্যন্ত আধুনিক প্রযুক্তির সাহায্যে এই অপরিশোধিত তেল উত্তোলন করা হচ্ছে। বিশেষ ট্যাঙ্কারের মাধ্যমে উত্তোলিত এই তেল পরবর্তীতে পরিশোধনের জন্য সরাসরি পাঠিয়ে দেওয়া হবে হলদিয়া তৈল সংশোধনাগারে।

উল্লেখ্য, ২০১৮ সালে যে কূপ থেকে প্রথম বাংলায় তেলের সন্ধান মিলেছিল, পরবর্তী সময়ে সেখান থেকে আশানুরূপ তেল না মেলায় সাময়িক অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে হাল ছাড়েনি ওএনজিসি। প্রথম কূপটির প্রায় ৯৫ মিটার উত্তর-পূর্ব দিকে নতুন করে ফের কূপ খনন করা হয়। আর সেই নতুন মুখ থেকেই অবশেষে বাণিজ্যিকভাবে তেল পাওয়ার সাফল্য মিলল, যা আগামী দিনে দেশের শক্তি উৎপাদনে বড় ভূমিকা নিতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *