মিষ্টি আর কোল্ড ড্রিংকস কম কেনা নিয়ে তুমুল অশান্তি! স্ত্রীর সামনেই নিজের সাধের বাইকে আগুন দিলেন স্বামী

উত্তর প্রদেশের বিজনোর জেলায় এক ছোটখাটো পারিবারিক বিবাদ যেভাবে ভয়ঙ্কর রূপ নিয়েছে, তা দেখে হতবাক স্থানীয় বাসিন্দারা। রাখি উৎসবের কেনাকাটাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়ার জেরে রাগের মাথায় নিজের বাইকেই আগুন ধরিয়ে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বর্তমানে এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
জানা গেছে, উত্তর প্রদেশের জাতপুরার বাসিন্দা বাবলু সাইনি রাখিবন্ধন উপলক্ষে তাঁর স্ত্রী ও সন্তানদের নিয়ে কোট সরাইয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে পারিবারিক প্রয়োজনে কিছু কেনাকাটা নিয়ে দম্পতির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
মিষ্টি কেনা নিয়ে বিবাদের সূত্রপাত
ঘটনাটি ঘটেছে নাঙ্গাল সোটি এলাকার দহিরপুর গ্রামের কাছে। পথিমধ্যে বাবলুর স্ত্রী তাঁর বাপের বাড়ির লোকজনের জন্য দুই বাক্স মিষ্টি এবং এক বড় বোতল কোল্ড ড্রিংক কিনে দেওয়ার আবদার জানান। কিন্তু বাবলু দুটি বাক্সের পরিবর্তে মাত্র এক বাক্স মিষ্টি কেনেন। আর তাতেই বেজায় চটে যান তাঁর স্ত্রী। শুরু হয় তুমুল কথাকাটাকাটি।
স্ত্রীর সামনেই বাইক জ্বালিয়ে দিলেন স্বামী
স্ত্রীর সঙ্গে এই বাকবিতণ্ডায় মেজাজ হারিয়ে ফেলেন বাবলু। দহিরপুর গ্রামের পঞ্চায়েত ভবনের সামনে পৌঁছতেই তিনি রাস্তার পাশে নিজের দামী অ্যাপাচি মোটরসাইকেলটি থামান। এরপর চরম আক্রোশে সকলের সামনেই সেই বাইকে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে বাইকটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে এবং চোখের পলকে তা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
আতঙ্কে কাঁপল স্ত্রী ও সন্তানেরা
পুরো ঘটনাটি ঘটেছে যখন বাবলুর স্ত্রী ও অবুঝ সন্তানরা তাঁর সঙ্গেই ছিলেন। আকস্মিক এই হিংসাত্মক কাণ্ডে তারা চরম আতঙ্কিত হয়ে পড়েন। বাইকে আগুন লাগিয়ে দেওয়ার পর বাবলু ঘটনাস্থল থেকে হেঁটে চলে যান এবং তাঁর স্ত্রী ও সন্তানরাও ভয় পেয়ে তাঁকে অনুসরণ করেন। এই পুরো ঘটনাটি কোনো এক পথচারী ক্যামেরাবন্দী করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। রাস্তার পাশে জ্বলন্ত বাইকের এই ভিডিওটি ঘিরে নেটদুনিয়ায় নানা আলোচনা শুরু হলেও এই বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।