১৭ বছর পর বড় পর্দায় ফিরছে ‘প্রেম আমার’ জুটি! সোহম-পায়েলের কামব্যাকে কাঁপবে টলিউড

২০০৯ সালের মুক্তিপ্রাপ্ত সুপারহাইট ছবি ‘প্রেম আমার’-এর সাফল্যের দীর্ঘ ১৭ বছর পর আবারও বড় পর্দায় একসঙ্গে কামব্যাক করতে চলেছেন টলিউডের অন্যতম চর্চিত অনস্ক্রিন জুটি সোহম চক্রবর্তী এবং পায়েল সরকার। পরিচালক রণ রাজের নতুন ছবি ‘সে তো আজও বোঝে না’-এর মাধ্যমে এই নস্টালজিক জুটি আবার ফিরছে দর্শকদের সামনে। খুব সম্ভবত চলতি বছরের অক্টোবর মাসের শুরুতেই মুক্তি পাওয়ার কথা রয়েছে এই প্রজেক্টের।
তত্কালীন সেই ছবির গান থেকে শুরু করে তরুণ প্রজন্মের প্রেমের গল্প আজও দর্শকের মনে তাজা। সেই ছবির আকাশছোঁয়া সাফল্যের পর পরিচালক রাজ চক্রবর্তী এই জুটিকে নিয়ে ‘বোঝেনা সে বোঝেনা’ তৈরি করেছিলেন, যদিও সেখানে তাঁরা সরাসরি জুটি বাঁধেননি। দীর্ঘ ১৭ বছর পর এবার নতুন ছবির হাত ধরে পুরনো সেই ম্যাজিক ফেরানোর প্রস্তুতি চলছে। নতুন এই ছবিতে সোহম ও পায়েলের পাশাপাশি দেখা যাবে প্রিয়াঙ্কা সরকার, দেবাশীষ মন্ডল এবং বিবৃতি চট্টোপাধ্যায়কে। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়, যা পুরনো দিনের সেই মিউজিক্যাল নস্টালজিয়াকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে বলেই মনে করছেন সিনেমাপ্রেমীরা।
ছবির মূল গল্প আবর্তিত হয়েছে মৈনাক নামের এক সাদামাটা ছেলেকে ঘিরে। যার জীবনের সবচেয়ে কাছের মানুষ মেঘলা এবং জাহির। মেঘলার প্রতি মনে গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও মৈনাক তা কখনো মুখে প্রকাশ করতে পারেনি। সময়ের সঙ্গে সঙ্গে সে জীবনের সমস্ত সাফল্য ও অর্থ অর্জন করলেও নিজের প্রথম ভালোবাসার কাছে আর ফিরে যেতে পারেনি। তবে শত ব্যস্ততার মাঝেও সে মেঘলাকে কোনো দিন ভুলতে পারেনি। জীবনের এই টানাপোড়েন মৈনাককে শেষ পর্যন্ত কোথায় এনে দাঁড় করায়, সেই আবেগঘন কাহিনীর ওপরেই তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য।