‘হ্যাপি বার্থডে’ বলে ফেলল রাজ-কন্যা! রাখি পূর্ণিমার দিনেই ভাই-বোনকে নিয়ে নেটপাড়ায় ঝড় তুললেন শুভশ্রী

শুক্রবার রাখী পূর্ণিমার দিন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তারকা-সন্তানরা। খুদে তারকাদের রাখি উদযাপনের মিষ্টি ছবি ও ভিডিও নেটপাড়ায় এক লহমায় মন কেড়ে নিয়েছে নেটিজেনদের। তা সে কৃষভি-কৃষিভ হোক কিংবা ইউভান-ইয়ালিনি কিংবা কাব্যা-কবীর—এই সরল ও নিষ্পাপ মুখগুলো এমনিতেই সকলের ভীষণ প্রিয়।

রাখীর দিন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছোট মেয়ে ইয়ালিনি এবং ছেলে ইউভানের একটি মিষ্টি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রাজের ভাগ্নি সৃষ্টি পাণ্ডে। ওই ভিডিওতে দেখা যায়, ক্যামেরা অন হতেই ছোট্ট ইয়ালিনি উচ্ছ্বসিত হয়ে বলে ওঠে, ‘হ্যাপি বার্থ ডে’। এরপর দিদি সৃষ্টি তা শুধরে দিলে ভুল বুঝতে পেরে ইয়ালিনি ফের বলে ওঠে, ‘হ্যাপি রাখি’। অন্যদিকে, ক্যামেরা চালু হতেই দাদা ইউভানের মজার ও অদ্ভুত সব মুখভঙ্গি করার ব্যস্ততা নেটপাড়ায় হাসির রোল তুলেছে।

উল্লেখ্য, ২০১৮ সালে রাজকীয় আয়োজনে সাত পাকে বাঁধা পড়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বিয়ের ঠিক দু’বছর পর ২০২০ সালে তাঁদের প্রথম সন্তান ইউভানের জন্ম হয়। এরপর দাদার থেকে ঠিক তিন বছরের ছোট বোন ইয়ালিনির আগমন ঘটে এই তারকা দম্পতির সংসারে। ভাই-বোনের এই খুনসুটিভরা মিষ্টি মুহূর্ত এখন ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *