আমেরিকায় বর্ষবরণের রাতে নৃশংস খুন! ৮ মাস পর ভিনদেশ থেকে কীভাবে ধরা পড়ল ঘাতক?

আমেরিকার মাটিতে বর্ষবরণের রাতে ঘটে যাওয়া এক নৃশংস হত্যাকাণ্ডের রহস্যভেদ হলো দীর্ঘ আট মাস পর। মেরিল্যান্ডে নিজের ফ্ল্যাট থেকে এক ভারতীয় তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত যুবককে অবশেষে ভারতের উত্তরপ্রদেশের আগ্রা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি যেমন শিহরিত করেছে, তেমনই এর পেছনে থাকা নেপথ্য কাহিনি অবাক করেছে তদন্তকারীদেরও।

কী ঘটেছিল ঠিক আট মাস আগে?

পুলিশ ও সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নিহত তরুণীর নাম নিকিতা গোডিশালা (২৭)। গত বছরের ৩১ ডিসেম্বর অর্থাৎ বর্ষবরণের রাতেই আমেরিকার মেরিল্যান্ডে অর্জুন শর্মা (২৬) নামের এক যুবকের ফ্ল্যাটে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গত ২ জানুয়ারি ওই ফ্ল্যাট থেকেই নিকিতার রক্তাক্ত ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। হত্যাকাণ্ডের পরই অভিযুক্ত অর্জুন মার্কিন মুলুক ছেড়ে পালিয়ে ভারতে চলে আসেন। আমেরিকান পুলিশের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

কীভাবে ধরা পড়ল অভিযুক্ত?

নিহত তরুণীর পরিবারের দাবি, চাকরি হারানোর পর নিকিতা এবং তাঁর পরিবারের কাছ থেকে বড় অঙ্কের টাকা ধার নিয়েছিলেন অর্জুন। সেই আর্থিক বনিবনা না হওয়া এবং তীব্র বিবাদের জেরেই এই পরিকল্পিত খুন করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

হায়দরাবাদ পুলিশ তদন্তে নেমে নিহত তরুণীর বাবার দায়ের করা একটি প্রতারণার মামলার সূত্র ধরে অভিযুক্তের খোঁজ পায়। এরপর উত্তরপ্রদেশের আগ্রা থেকে অর্জুন শর্মাকে পাকড়াও করা হয়। কেন্দ্রীয় সংস্থার সহায়তায় অভিযুক্তকে দিল্লির পাতিয়ালা হাউস আদালতে পেশ করা হলে আদালত তাঁকে রিমান্ডে পাঠায়। বর্তমানে মার্কিন প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে অভিযুক্তকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *