নদী উপচে ভেসে আসছে একের পর এক লাশ! সর্বনাশা বন্যায় সীমান্ত পার হয়ে ভারতে যা ঘটছে

নেপালের বিধ্বংসী বন্যার ভয়াবহ প্রভাব এবার সরাসরি এসে পড়ল ভারতে। তিব্বত সীমান্ত ও নেপালে চলা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ও হড়পা বানের জলধারা প্রবাহিত হয়ে ভারতের নদীগুলিতে চরম বিপর্যয় ডেকে এনেছে। উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলায় নেপাল থেকে নেমে আসা উত্তাল নারায়ণী নদী থেকে সম্প্রতি সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যা এই বিপর্যয়ের ভয়াবহতাকে আরও স্পষ্ট করে তুলেছে।

উদ্ধার হওয়া মৃতদেহগুলির মধ্যে তিনটি শিশু, তিনজন নারী এবং একজন পুরুষ রয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় উত্তরপ্রদেশ প্রশাসন তৎক্ষণাৎ নেপাল সরকারকে বিষয়টি অবহিত করেছে। মৃতদেহগুলির ছবি ও ভিডিওসহ সমস্ত শনাক্তকরণের তথ্য নেপাল প্রশাসনের সঙ্গে শেয়ার করা হয়েছে, এবং বর্তমানে সেগুলি স্থানীয় মর্গে সংরক্ষণ করে পরবর্তী পদক্ষেপের অপেক্ষা করা হচ্ছে।

তবে শুধু মৃতদেহ নয়, নদীর স্রোত সঙ্গে করে নিয়ে আসছে অজস্র ধ্বংসাবশেষ। এসএসবি-র ত্রাণ ও উদ্ধারকর্মীরা নদীর ওপরে নিরন্তর নজরদারি চালাচ্ছেন। তাঁদের রিপোর্ট অনুযায়ী, নারায়ণী নদীর জলে কেবল আবর্জনা বা কাঠের টুকরোই ভাসছে না, বরং রান্নার গ্যাস সিলিন্ডার, বিভিন্ন গৃহস্থালীর সরঞ্জাম, মূল্যবান সামগ্রী এবং গবাদি পশুর মৃতদেহও ভেসে আসছে। তীব্র স্রোতের মধ্যেই বহু মানুষ জীবন বাজি রেখে নদী থেকে এসব ভাসমান জিনিসপত্র ও কাঠ তোলার চেষ্টা করছেন। প্রশাসনের তরফ থেকে বারবার সতর্ক করা সত্ত্বেও সাধারণ মানুষকে নদী থেকে দূরে রাখা সম্ভব হচ্ছে না।

এদিকে, নেপালে হড়পা বানে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৫০০ ছাড়িয়েছে। ন্যাশনাল ডিসাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্টের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৩,৭৪২ জনকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বিপর্যস্ত নেপালের বিভিন্ন দুর্গম অঞ্চলে এখনও প্রায় ৩২০ জন ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে উদ্ধারকাজ জারি রয়েছে এবং কাঠমান্ডু থেকে বিশেষ বিমানে বেশ কিছু ভারতীয় নিরাপদে দেশে ফিরেছেন। নেপালের পর্যটন মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত অন্তত ৮৫ জন ভারতীয়কে সফলভাবে উদ্ধার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *