পাসওয়ার্ড ছাড়াই অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন যেভাবে, জেনেনিন সেই পদ্ধতি

অনলাইন দুনিয়ায় অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার ক্ষেত্রে এতদিন প্রধান ভরসা ছিল পাসওয়ার্ড। কিন্তু পাসওয়ার্ড ভুলে যাওয়া, অন্যের হাতে চলে যাওয়া কিংবা ফিশিংয়ের ফাঁদে পড়ে হ্যাকিংয়ের শিকার হওয়ার ঝুঁকি সবসময়ই তাড়া করে বেড়াত। এই সমস্ত জটিলতা থেকে মুক্তি দিতেই বর্তমানে বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে ‘পাসকী’ (Passkey)।

পাসকী হলো ট্র্যাডিশনাল পাসওয়ার্ডের একটি অত্যন্ত আধুনিক এবং নিরাপদ বিকল্প লগইন পদ্ধতি। এর সবচেয়ে বড় সুবিধা হলো, এর জন্য আলাদা করে কোনো জটিল পাসওয়ার্ড মনে রাখতে হয় না। ব্যবহারকারীর নিজস্ব স্মার্টফোন বা কম্পিউটারের ইন-বিল্ট সিকিউরিটি সিস্টেম ব্যবহার করেই পরিচয় যাচাই করা সম্ভব। ফোনে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলক এবং কম্পিউটারের ক্ষেত্রে পিন কিংবা ডিভাইস-ভিত্তিক নিরাপত্তা পদ্ধতি ব্যবহার করে সহজেই অ্যাকাউন্টে প্রবেশ করা যায়। সাধারণ পাসওয়ার্ডের মতো এটি কাউকে বলে দেওয়া বা সহজে চুরি করা যায় না বলে ফিশিং বা হ্যাকিংয়ের ঝুঁকি প্রায় শূন্যের কোঠায় নেমে আসে।

এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হলে ডিভাইস ও ব্রাউজার নির্দিষ্ট সংস্করণের হতে হবে। উইন্ডোজ ১০, ম্যাকওএস ভেনচুরা, ক্রোমওএস ১০৯ কিংবা অ্যান্ড্রয়েড ৯ এবং আইওএস ১৬ বা তার পরবর্তী সংস্করণে এটি অনায়াসেই কাজ করে। গুগল অ্যাকাউন্টসহ বিভিন্ন প্ল্যাটফর্মে খুব সহজেই সেটিংস অপশনে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলকের সঙ্গে পাসকী যুক্ত করে তা সেটআপ করে নেওয়া যায়। এমনকি ফোনের পাসকী ব্যবহার করে কম্পিউটারেও কিউআর কোড স্ক্যান করে লগইন করার দুর্দান্ত সুবিধা মিলছে। পাসওয়ার্ডের যুগ পেরিয়ে এই নতুন ও সুরক্ষিত প্রযুক্তি অনলাইনে আমাদের তথ্য সুরক্ষাকে এক অনন্য মাত্রায় নিয়ে যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *