মালালার বই পড়া নিয়ে আহমেদাবাদে তুলকালাম! গার্ডেনে ঢুকে সাধারণ মানুষকে মারধর বজরং দলের, পুলিশে ধৃত বহু

গুজরাটের আহমেদাবাদে নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের একটি বই পাঠের অনুষ্ঠানকে কেন্দ্র করে তীব্র হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। ভস্ত্রাপুর এলাকার আওডা গার্ডেনে সুশীল সমাজের নাগরিকদের একটি দল ‘আই অ্যাম মালালা’ বইটি পড়ার জন্য একত্রিত হলে সেখানে চড়াও হয় বজরং দলের কর্মীরা। দুই পক্ষের উত্তপ্ত বাক্যবিনিময় দ্রুত হাতাহাতিতে গড়ায়, যার জেরে ঘটনাস্থলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করেছে।

ঘটনার সূত্রপাত হয় যখন আওডা গার্ডেনে সুশীল সমাজের সদস্য, স্থানীয় বাসিন্দা এবং কংগ্রেস নেতা পার্থিব সিং কাথওয়াড়িয়াসহ বহু মানুষ একত্রিত হয়ে বিভিন্ন লেখকের বই পড়ার পাশাপাশি মালালার বইটি পাঠ করার সিদ্ধান্ত নেন। আয়োজকদের দাবি, কোনো বই পড়ার ওপর নিষেধাজ্ঞা থাকা উচিত নয় এবং বই পড়া মানেই কোনো নির্দিষ্ট মতাদর্শকে সমর্থন করা নয়। তবে বজরং দলের কর্মীরা এই আয়োজনের তীব্র বিরোধিতা করেন। কাশ্মীর নিয়ে মালালার অতীতের কিছু বিতর্কিত মন্তব্যের কথা তুলে ধরে তাঁরা অভিযোগ করেন যে, এই বই পড়ানোর মাধ্যমে ‘ভারত-বিরোধী’ মনোভাবকে উসকে দেওয়া হচ্ছে।

এর আগে প্রায় দুই সপ্তাহ আগে আহমেদাবাদের একটি বিদ্যালয়ের পাঠ্যতালিকায় মালালার বই অন্তর্ভুক্ত করা নিয়েও ব্যাপক প্রতিবাদ হয়েছিল। হিন্দুত্ববাদী সংগঠনের চাপে সেবার স্কুল কর্তৃপক্ষ পাঠ্যতালিকা থেকে বইটি সরিয়ে নিতে বাধ্য হয়। সেই ঘটনার প্রতিবাদ জানাতেই এদিন নাগরিক সমাজের প্রতিনিধিরা প্রকাশ্যে গার্ডেনে বই পাঠের কর্মসূচি নেন। কিন্তু সেখানেও বজরং দলের সদস্যরা চড়াও হন এবং মারামারিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ উঠেছে। পুলিশ বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং উভয় পক্ষের বক্তব্য রেকর্ড করে তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *