অরিজিতের পথেই হাঁটলেন আমাল মালিক! আচমকা ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণায় সোরগোল সঙ্গীত মহলে

অরিজিৎ সিংয়ের পর এবার চলচ্চিত্র জগতের সঙ্গীত থেকে সাময়িক বিরতি নেওয়ার ঘোষণা করে সকলকে চমকে দিলেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক তথা গায়ক আমাল মালিক। বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করে তিনি জানিয়েছেন, আগামী বছর পর্যন্ত তিনি ছবির জগতের কোনো গান করবেন না। সাম্প্রতিক সময়ে ‘আওয়ারপান ২’ ছবির ‘ইয়ে আওয়ারপান’ গানে সুর দিলেও, মানসিক ও শারীরিক সুস্থতার খাতিরে এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নিজের পোস্টে আমাল লিখেছেন, “আমি সম্পূর্ণ ভালো আছি এবং এবার আমি আমার জন্য যা সবথেকে ভালো, শুধুমাত্র সেটাই করব। আমার মন, শরীর, আত্মা এবং সার্বিক শারীরিক সুস্থতার জন্য একটি বিরতি প্রয়োজন।” তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী বছর পর্যন্ত কোনো নতুন সিনেমার গান করবেন না। তবে তাঁর পুরনো ও অপ্রকাশিত কিছু কাজ মুক্তি পেতে পারে, যা মূলত কম বাজেটের ছবি। অনুরাগীদের উদ্দেশ্যে বিরক্তির সুরেই তিনি বলেন, “অনুগ্রহ করে আমাকে আর বিরক্ত করবেন না। খবর পেলেই জানাব। সঙ্গীত থেকে সিনেমা পর্যন্ত এই যাত্রায় আমি অনেক দূর এসেছি, এবার আমি সঙ্গীতের দিকেই ফিরে যাচ্ছি। কিছুক্ষণের জন্য বিদায় নিচ্ছি।”

প্রসঙ্গত, গত মে মাসেই সুরকার ও গায়ক আমাল মালিক বিস্ফোরক অভিযোগ করেছিলেন যে, বলিউড ও সঙ্গীত ইন্ডাস্ট্রির কিছু প্রভাবশালী ব্যক্তি বছরের পর বছর তাঁকে কোণঠাসা করে রেখেছেন। যদিও তিনি কারোর নাম নেননি, তবে স্পষ্ট করে দিয়েছিলেন যে প্রয়োজনে শুধু ইন্ডিপেন্ডেন্ট মিউজিক নিয়েই তিনি নিজের মতো থাকবেন।

সঙ্গীতশিল্পী দাবু মালিকের ছেলে এবং আনু মালিকের ভাগ্নে আমাল ২০১৪ সালে সলমন খানের ‘জয় হো’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। ২০১৫ সালে ‘রয়’ ছবির ‘সূরজ ডুবা হ্যায়’ গান দিয়ে তুমুল জনপ্রিয়তা পান তিনি। পরবর্তীতে ‘এমএস ধোনি’, ‘কবির সিং’ কিংবা ‘ভেদা’-র মতো একাধিক হিট ছবির সাউন্ডট্র্যাক উপহার দিলেও, তাঁর এই আকস্মিক বিরতির ঘোষণায় অনুরাগীদের মধ্যে গভীর হতাশা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *