দু’দিন ধরে বন্ধ ফোন, নেপালের প্রলয়ে নিখোঁজ শুভ্রাংশু রায়ের স্ত্রী!, উৎকণ্ঠায় পরিবার

প্রাকৃতিক তাণ্ডবে বিপর্যস্ত নেপালে আটকে থাকা পর্যটকদের তালিকায় এবার নাম জড়াল রাজনৈতিক মহলের পরিচিত মুখ শুভ্রাংশু রায়ের স্ত্রীর। গত ২১ অগস্ট কলকাতার একটি পর্যটন সংস্থার মাধ্যমে মানসরোবর যাত্রার উদ্দেশ্যে নেপালে গিয়েছিলেন মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়। কিন্তু বুধবার থেকে তাঁর সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মঙ্গলবার রাতে শেষবার স্বামীর সঙ্গে ফোনে কথা হলেও, তারপর থেকে আর তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

শুভ্রাংশু রায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, স্ত্রীর নম্বর একটানা বন্ধ থাকার কারণে তিনি প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো সুনির্দিষ্ট আপডেট বা খোঁজ মেলেনি। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, আগামী ৭ সেপ্টেম্বর তাঁর ঘরে ফেরার কথা ছিল। পরিবারের দুই সন্তান বর্তমানে শুভ্রাংশুর সঙ্গেই রয়েছে, তবে মায়ের এই আকস্মিক নিখোঁজ হওয়ার খবরে গোটা পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

নেপাল-তিব্বত সীমান্তে নেমে আসা ভয়াবহ হড়পা বানে দেশটিতে মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। নিখোঁজের তালিকায় রয়েছে বহু ভারতীয় পর্যটকও। রাজ্য সরকারের পক্ষ থেকেও নিখোঁজ পর্যটকদের সন্ধান ও তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে নবান্নে বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রশাসনের তরফে নেপাল সরকারের সঙ্গেও নিরন্তর যোগাযোগ রাখা হচ্ছে, যাতে দ্রুত এই দুর্গতদের উদ্ধার করা সম্ভব হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *