অন্নপূর্ণা যোজনার লোভ দেখিয়ে সাফ অ্যাকাউন্ট! জঙ্গিপুরে প্রতারকদের ফাঁদে সর্বস্বান্ত গৃহবধূরা

অন্নপূর্ণা যোজনার টাকা পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে সর্বস্বান্ত করার চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। জঙ্গিপুর পৌরসভার কর্মী পরিচয় দিয়ে নাগাড়ে সাধারণ মানুষকে ফোন করে প্রতারণার জাল বিছিয়েছে এক দুষ্কৃতী চক্র। ইতিমধ্যেই এই ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হয়েছেন একাধিক গৃহবধূ। খোয়া যাওয়া টাকার পরিমাণ ইতিমধ্যেই ৪০ হাজার টাকা ছাড়িয়ে যাওয়ায় সাইবার থানার দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মূলত জঙ্গিপুর পৌরসভার ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের নিশানা করেছে ওই প্রতারক চক্র। পৌরসভার নির্দিষ্ট এক কর্মীর নাম ভাঙিয়ে উপভোক্তাদের ফোন করা হচ্ছে। এরপর ব্যাঙ্ক বিবরণী এবং ফোনে আসা ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড হাতিয়ে নিয়ে মুহূর্তের মধ্যে অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়া হচ্ছে।

প্রতারণার শিকার হয়েছেন ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাবিয়া বিবি। তাঁর অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে প্রায় ২৯ হাজার ৯০০ টাকা। এই বিষয়ে তিনি জানান, সরকারি প্রকল্পের দুমাসের অন্নপূর্ণার ছ’হাজার টাকা পাওয়ার পর কিছু জমানো জমানো টাকাও ছিল। প্রতারকদের পাতা ফাঁদে পা দিয়ে সেই সমস্ত টাকাই খুইয়েছেন তিনি। একই ভাবে ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তনুশ্রী সাহা ৩ হাজার টাকা এবং মমতা সরকার নন্দী ৮ হাজার টাকা হারিয়েছেন। সব মিলিয়ে প্রতারিতদের খোয়া যাওয়া টাকার অঙ্ক ইতিমধ্যে ৪০ হাজার টাকা ছাড়িয়েছে।

ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। পৌরসভার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, পৌরসভার তরফে এমন কোনো ফোন করা হচ্ছে না। পাশাপাশি, সরকারি কোনো প্রকল্পের টাকার জন্য ওটিপি বা ব্যাঙ্ক ডিটেলস চাওয়া হয় না। অপরিচিত কোনো নম্বর থেকে ফোন এলে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, এটিএম বা ওটিপি কোনোভাবেই শেয়ার না করার জন্য নাগরিকদের কঠোর সতর্কবার্তা দিয়েছে পৌর কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *