রাতের অন্ধকারে গায়েব অভিষেকের অফিসের ব্যানার! ক্যামাক স্ট্রিটে তুলকালাম, গ্রেফতার ১৩

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বিলবোর্ড খোলা নিয়ে চরম নাটকীয়তা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বিকেলে কলকাতা পুরসভার কর্মীরা অভিষেকের দফতরের বিলবোর্ডটি ভেঙে দেয়। রাতে সেখানে নতুন করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা একটি ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়। তবে রাতের অন্ধকারে টাঙানো সেই ব্যানার সকাল হতেই রহস্যজনকভাবে গায়েব হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে, গভীর রাতে কেউ বা কারা ফের ব্যানারটি খুলে নিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্যামাক স্ট্রিট চত্বরে তীব্র ধোঁয়াশা ও উত্তেজনা তৈরি হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে অবৈধ বিলবোর্ড সরানোকে কেন্দ্র করে ক্যামাক স্ট্রিটে নজিরবিহীন তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। পুরসভার কর্মীদের দাবি, ওই হোর্ডিংটি সম্পূর্ণ অবৈধ ছিল। পুলিশের কাছে আসা একটি অভিযোগের ভিত্তিতেই হোর্ডিং খুলতে যান তারা। আর তা ঘিরেই রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, ডিউটিতে থাকা পুলিশ ও পুরসভার কর্মীদের ওপর চড়াও হন তৃণমূল কর্মীরা।

অভিষেকের অফিসের কর্মীদের সঙ্গে পুরসভা ও পুলিশের রীতিমতো হাতাহাতি শুরু হয়। সরকারি কাজে বাধা, হুমকি এবং পুলিশ কর্মীদের হেনস্থার মতো একাধিক গুরুতর অভিযোগ ওঠে। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় কড়া পদক্ষেপ করেছে। গোলমালের অভিযোগে এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং মোট ৩টি মামলা রুজু করা হয়েছে।

ঘটনার পারদ চড়ে এই সংঘাতের জল গড়িয়েছে আদালত পর্যন্ত। পুরো বিষয়টিতে কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর দৃষ্টি আকর্ষণ করেছে কালীঘাট তৃণমূল। ব্যানার খোলা ও টাঙানোর এই টানাপোড়েনে ক্যামাক স্ট্রিট জুড়ে আপাতত চাপা উত্তেজনা বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *