৩৮% ডিএ, সপ্তম পে কমিশন আর পুজোর বোনাস! সরকারি কর্মীদের জন্য কল্পতরু ঘোষণা!

পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারী ও পুলিশ কর্মীদের জন্য এল বড়সড় সুখবর। মহার্ঘ ভাতা (DA), সপ্তম পে কমিশন এবং উৎসবের বোনাস নিয়ে একগুচ্ছ বড় ঘোষণা করা হয়েছে। পুলিশের জীবন রক্ষা পদক প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্য সরকারি কর্মীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু অধিকারী।

কী কী ঘোষণা করা হয়েছে?

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, দীর্ঘদিনের ব্যবধান ঘুচিয়ে এবার কেন্দ্র ও রাজ্য সরকার সমন্বয় রেখে একসঙ্গে কাজ করবে। রাজ্যের সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠন এবং ৩৮ শতাংশ হারে ডিএ দেওয়ার কথা আগেই ঘোষণা করা হয়েছিল, যার বিজ্ঞপ্তি অর্থ দফতর থেকে জারি হয়েছে। আগামী ১ অক্টোবর, ২০২৬ থেকে রাজ্য সরকারি কর্মীরা মূল বেতনের ৩৮ শতাংশ হারে ডিএ বা মহার্ঘ ভাতা পাবেন। একই সঙ্গে রাজ্য সরকারের পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীরাও এই বর্ধিত হারে ডিআর পাবেন।

পাশাপাশি, পুলিশ কর্মীদের জন্য বিশেষ বোনাস ৫০০ টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে। পুজো ও উৎসবের মরশুমের ঠিক আগে এই ঘোষণায় রাজ্যজুড়ে সরকারি কর্মীদের মধ্যে খুশির হাওয়া। সরকারের এই পদক্ষেপে পুজোর বাজারে আর্থিক স্বস্তি মিলবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *