দীর্ঘ দুই বছর পর ফের শহরে আসছে ‘জয়-লোপা এক্সপ্রেস’! দুই ইঞ্জিনে কেমন জমবে এই গানের সাফরি?

সুর ও নস্ট্যালজিয়ার ম্যাজিক! দীর্ঘ দুই বছর পর ফের শহর কলকাতায় ছুটতে চলেছে জনপ্রিয় ‘জয়-লোপা এক্সপ্রেস’
সংগীতপ্রেমীদের জন্য বিরাট সুখবর! বছর দুয়েক আগে প্রথম সিজনেই শ্রোতাদের মনে গভীর ছাপ ফেলেছিল অদ্বিতীয় গানের গাড়ি ‘জয়-লোপা এক্সপ্রেস’। আর এবার দীর্ঘ বিরতির পর ফের শহর কলকাতায় প্রত্যাবর্তন ঘটছে এই ভিন্ন স্বাদের মিউজিক্যাল কনসার্টের। আগামী ২৯ অগস্ট কলকাতার জি.ডি. বিড়লা সভাঘরে সন্ধ্যা সাড়ে ছ’টা থেকে শুরু হতে চলেছে এই জমকালো সঙ্গীত সন্ধ্যা। গানের মোড়ে মোড়ে নানা স্টেশন ছুঁয়ে এগিয়ে চলা এই বিশেষ গাড়িতে চড়ে শ্রোতারা এক অনন্য সুরের সফরের সাক্ষী থাকতে চলেছেন।
কী বলছেন জয় ও লোপামুদ্রা? এই বিশেষ উদ্যোগ প্রসঙ্গে বলতে গিয়ে জনপ্রিয় শিল্পী লোপামুদ্রা মিত্র জানান, তাঁদের এই জুটি ইতিমধ্যেই ২৯ বছরে পা দিয়েছে। অতীতে জয় তাঁর গানে গিটারিস্ট হিসেবে সঙ্গত দিলেও এখন ব্যস্ততার কারণে একসঙ্গে নিয়মিত গান-বাজনা আর হয়ে ওঠে না। তবে তাঁদের মধ্যে সঙ্গীতের সেতুটা আজও অটুট রয়েছে। এই শো নিয়ে তিনি বলেন, এখানে জয় যেমন তাঁর নিজস্ব কম্পোজিশন শোনাবেন, তেমনই তিনি গাইবেন জয়ের সুর করা গান। সঙ্গে থাকবেন বেশ কিছু অতিথি যন্ত্রীও। সব মিলিয়ে দুই ইঞ্জিন নিয়ে এই এক্সপ্রেস দুরন্ত গতিতে ছুটবে।
অন্যদিকে, সুরকার জয় সরকার বলেন, লোপামুদ্রার হাত ধরেই তাঁর সুরকার হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল এবং তাঁর সুরকার জীবনেরও ২৫ বছর পার হয়ে গেছে। পুরোনো সেই সোনালী দিনগুলোর কথা স্মরণ করেই এই অন্যরকম ভাবনা ‘জয়-লোপা এক্সপ্রেস’। জোড়া ইঞ্জিনের এই মিউজিক্যাল এক্সপ্রেস যে আগামী শুক্রবার কলকাতার দর্শকদের মন্ত্রমুগ্ধ করবে, তা বলাই বাহুল্য।