যাত্রীদের জন্য বিরাট সতর্কবার্তা! ট্রেনে বা স্টেশনে এই ভুল করলেই মিলবে দ্বিগুণ শাস্তি, নির্দেশ জারি রেলের!

রেলে সফরকারীদের জন্য বড় সতর্কবার্তা! পরিচ্ছন্নতা সংক্রান্ত নিয়ম না মানলে গুনতে হবে দ্বিগুণ জরিমানা
রেলে সফর করার সময়ে বা স্টেশন চত্বরে ঘোরাঘুরির ক্ষেত্রে এখন থেকে আরও বেশি সতর্ক হতে হবে যাত্রীদের। স্টেশন চত্বর ও ট্রেনের ভেতর পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে কড়া পদক্ষেপ নিল ভারতীয় রেল। নোংরা ফেলা বা পরিচ্ছন্নতার নিয়ম অমান্য করার শাস্তি ও জরিমানার পরিমাণ এক ধাক্কায় দ্বিগুণ করে দেওয়া হয়েছে।
জরিমানা ও শাস্তির নতুন নিয়ম: গত ২৪ আগস্ট প্রকাশিত এক সরকারি গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, রেলওয়ে চত্বরে পরিচ্ছন্নতা ব্যাহত করার অপরাধে জরিমানা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করা হয়েছে। শুধু তা-ই নয়, এই জরিমানা জমা দিতে অস্বীকার বা ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে উপযুক্ত আদালতের সামনে হাজির করা হতে পারে। সেক্ষেত্রে আদালত সর্বোচ্চ ২,০০০ টাকা পর্যন্ত জরিমানা ধার্য করতে পারে।
কোন কোন ভুলের জন্য হতে পারে জরিমানা? রেলের প্রকাশিত নতুন নিয়মমালা অনুযায়ী, নিচের কাজগুলি করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এর জন্য জরিমানা হতে পারে:
-
নির্দিষ্ট স্থান বা ডাস্টবিন ছাড়া স্টেশন, ট্রেন কিংবা রেল চত্বরের যেকোনো জায়গায় ময়লা-আবর্জনা ফেলা।
-
রেল চত্বরে রান্না করা, স্নান করা, যেখানে-সেখানে থুতু ফেলা, প্রস্রাব বা মলত্যাগ করা।
-
পশুপাখিকে খাওয়ানো, প্ল্যাটফর্ম বা চত্বরে গাড়ি, বাসনপত্র অথবা কাপড় ধোয়া।
-
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ট্রেনের কামরা বা স্টেশনের দেওয়ালে পোস্টার মারা, কিছু লেখা বা ছবি আঁকা।
-
স্বীকৃত হকার বা বিক্রেতারা সঠিক নিয়ম মেনে বর্জ্য অপসারণের জন্য ডাস্টবিন না রাখলে।
কারা কাটতে পারবেন জরিমানা? ইন্ডিয়ান রেলওয়েজ (রেলওয়ে চত্বরে পরিচ্ছন্নতা ব্যাহতকারী কার্যকলাপের জন্য জরিমানা) বিধিমালা অনুযায়ী, জরিমানা আদায়ের জন্য নির্দিষ্ট কিছু কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন স্টেশন মাস্টার বা স্টেশন ম্যানেজার, বাণিজ্যিক বিভাগের টিকিট কালেক্টর (TC), পরিচালন বিভাগের সমমর্যাদার কর্মকর্তা এবং রেল প্রশাসন কর্তৃক বিশেষভাবে অনুমোদিত আধিকারিকরা।
রেলকে পরিষ্কার রাখার উদ্দেশ্যে নেওয়া এই কড়া পদক্ষেপের পর, সাধারণ যাত্রীদের নিজেদের সচেতনতা বাড়ানো ছাড়া অন্য কোনো পথ নেই!