বাবার লকার ভেঙে ৫০ লক্ষ টাকা চুরি! বান্ধবীর পিছনে সব টাকা ওড়ানোর পর যা করল অসমের যুবক…

বাড়ি থেকে ৫০ লক্ষ চুরি, বান্ধবীর পিছনে ওড়াল অসমের যুবক! গুজরাত থেকে ছেলেকে ধরে আনলেন বাবা

বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে বাড়ি থেকে নগদ টাকা এবং সোনাদানা সহ প্রায় ৫০ লক্ষ টাকার সম্পত্তি চুরির অভিযোগ উঠল খোদ ছেলের বিরুদ্ধেই! ২৫ বছর বয়সি যশ ধনুকা আগরওয়াল নামের ওই যুবক অসমের জোরহাটের বাসিন্দা। লকার ভেঙে বিশাল অঙ্কের এই চুরির পর সে সোজা পালিয়ে গিয়েছিল গুজরাতের আহমেদাবাদে। তবে শেষরক্ষা হয়নি; ছেলের কাণ্ড জানতে পেরে সুদূর গুজরাত থেকে তাঁকে ধরে এনে পুলিশের হাতে তুলে দিয়েছেন খোদ তাঁর বাবা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ অগাস্ট এই চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে নিজের বাবার ঘরে থাকা লকার ভেঙে নগদ ও সোনাদানা সাফ করে দেয় যশ। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান ছিল, এই ঘটনার সঙ্গে পরিবারেরই কেউ যুক্ত রয়েছে। এরপর যশের মোবাইল লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে যে সে আহমেদাবাদে লুকিয়ে রয়েছে। খবর পেয়ে তাঁর বাবা সেখানে গিয়ে ছেলেকে পাকড়াও করে জোরহাটে ফিরিয়ে নিয়ে আসেন এবং পুলিশের হাতে তুলে দেন।

বান্ধবীর পিছনে জলবৎ তরলং খরচ: আদালতে পেশ করার পর অভিযুক্ত যশ সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাঞ্চল্যকর সব তথ্য ফাঁস করে। সে দাবি করে, এই চুরির পেছনে তাঁর দুই বন্ধু রোহিত প্রসাদ এবং জিতু সোমানিরও হাত ছিল। তালা ভাঙার মিস্ত্রি ডেকে লকার ভাঙা হয়েছিল বলে স্বীকার করে সে।

যশ আরও জানিয়েছে যে, চুরি করা টাকার একটি বড় অংশ সে নিজের দীর্ঘদিনের বান্ধবী পূবালি দত্তের পেছনে ওড়াত। বান্ধবীকে ১.৫ লক্ষ টাকা খরচ করে একটি আইফোন কিনে দেওয়ার পাশাপাশি তাঁদের সঙ্গে বিলাসবহুল পার্টিতেও প্রচুর টাকা উড়িয়েছে সে। জেরার মুখে নিজের ভুলের কথা স্বীকার করলেও সমস্ত দায় বন্ধুদের ঘাড়ে চাপানোর চেষ্টা করেছে ওই যুবক। বর্তমানে পুলিশ বাকি চুরি যাওয়া সোনাদানা ও টাকা উদ্ধারের জন্য ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *