সাগরে ফুঁসছে জোড়া নিম্নচাপ! দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির তাণ্ডব, কোন কোন জেলায় জারি লাল সতর্কতা?

বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের জেরে ফের সক্রিয় হয়ে উঠেছে বর্ষা। যার প্রভাবে অবিরাম বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একের পর এক জেলা। সকাল থেকেই কোথাও আংশিক মেঘলা আকাশ তো কোথাও আবার দফায় দফায় চলছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির এই তাণ্ডব বজায় থাকবে। বিশেষ করে দুপুরের পর থেকে একাধিক জেলায় ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট
এদিন দুপুরের পর থেকেই আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ভিজতে পারে মালদহ ও দক্ষিণ দিনাজপুরও। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদীয়া এবং মুর্শিদাবাদের অধিকাংশ অঞ্চলেই হালকা থেকে মাঝারি ধরনের ঝড়বৃষ্টি হতে পারে।
বৃষ্টির পাশাপাশি পাল্লা দিয়ে বইবে ঝোড়ো হাওয়া। যার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়াতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। শুক্র এবং শনিবার দক্ষিণের প্রায় সমস্ত জেলাই জলের তলায় চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া উপকূলের জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। চলতি সপ্তাহের রবিবার পর্যন্ত আবহাওয়া একইরকম থাকবে এবং আগামী সপ্তাহ থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর (North Bengal Weather Update)
অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়াতেও উন্নতির কোনো লক্ষণ নেই। সেখানেও চলবে ঝড়-জল এবং ভারী বৃষ্টির তাণ্ডব। আজ সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। পাশাপাশি মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপাতায়েও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।