OMG! জলে ভাসছে ৪ মহিলা ও দুই নাবালকের দেহ, রহস্যমৃত্যু ঘিরে শুরু শোরগোল

কর্ণাটকের বিজয়পুরের ভূতনালা হ্রদ থেকে উদ্ধার হলো ছ’টি মৃতদেহ। বুধবার হ্রদের জলে দেহগুলি ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। মৃতদের মধ্যে রয়েছে দুই নাবালক এবং চার জন মহিলা। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মৃতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। তাঁরা জলে ডুবে দুর্ঘটনাবশত মারা গিয়েছেন, নাকি এর নেপথ্যে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হ্রদে দেহ ভাসার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। এরপর বিজয়পুরা সিটির ডেপুটি এসপি নাগরাজ এবং আদর্শ নগর থানার পিএসআই সীতারাম লামানির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও দমকল কর্মীরা যৌথভাবে অভিযান চালিয়ে জল থেকে ছ’টি দেহ উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে পুলিশের একাংশের অনুমান, সম্ভবত হ্রদের কিনারায় দাঁড়িয়ে থাকার সময় পা পিছলে দুর্ঘটনাবশত জলের গভীরে চলে যান ওই ছ’জন। তবে মৃত ব্যক্তিরা সকলেই একই পরিবারের সদস্য কি না, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিশ্চিত করতে সাম্প্রতিক সময়ে নিখোঁজ হওয়া ব্যক্তিদের তালিকা ও অভিযোগগুলি খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি, এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ বা আত্মহত্যার মতো কোনো বিষয় জড়িয়ে রয়েছে কি না, তাও গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ছ’টি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। তবে তার আগেই মৃতদের সঠিক পরিচয় খুঁজে বের করার ওপর সর্বোচ্চ জোর দিয়েছে পুলিশ প্রশাসন।