রাত দুটোয় শুভশ্রীর নম্বর চাইলেন দেব, শ্যুটিং শেষ হতেই ফাঁস হল কোন গোপন কথা?

অবশেষে শেষ হলো বহু প্রতীক্ষিত ছবি ‘দেশু ৭’-এর শ্যুটিং। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চা। বিশেষ করে লাদাখে এই জুটির পুরনো গান ‘মালা রে’-র রিমেক এবং শ্যুটিং শেষের পার্টিতে তাঁদের রসায়ন নজর কেড়েছে সবার। ছবির ব়্যাপআপ পার্টিতে দুই তারকা নিজেরাই ফাঁস করলেন এই সিনেমার পর্দার পেছনের অনেক অজানা গল্প। কীভাবে শুরু হয়েছিল এই জুটির কামব্যাক জার্নি, সেটাই খোলাসা করলেন দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
পার্টিতে দেব জানান, যখন তিনি এই সিনেমার ঘোষণা করেছিলেন, তখন চিত্রনাট্য তো দূরের কথা, তিনি নিজে যে ছবিটা পরিচালনা করবেন সেটাই পাকা ছিল না। একদিন গভীর রাতে হঠাৎই তাঁর মাথায় এই ছবির ভাবনা আসে। দেবের ফোনে তখন শুভশ্রীর নম্বরও ছিল না। বাধ্য হয়ে নিজের ম্যানেজারের কাছে রাত দুটোয় শুভশ্রীর নম্বর চেয়ে পাঠান তিনি।
দেব বলেন, আমি রাত দুটোয় শুভশ্রীর নম্বর চেয়ে পাঠিয়েছিলাম। তখন আমার মাথায় কিচ্ছু ছিল না। আমার ফোনে এখনও শুভশ্রীর নম্বরটা ‘শুভশ্রী-দ্য অ্যাক্টর’ বলেই সেভ করা রয়েছে। সেই একটা ফোন কল থেকেই যে সফর শুরু হয়েছিল, তাতে শুধু ভালো আর শুভ ব্যাপারটাই হয়েছে। দেবের মুখে এই কথা শুনেই আনন্দে ফেটে পড়েন উপস্থিত সবাই।
অন্যদিকে, পরিচালক দেবের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন শুভশ্রীও। তিনি জানান, প্রথমে দেবের ফোন ধরতে পারেননি তিনি। পরে কথা হলে দেব চিত্রনাট্যের কথা না বললেও জানতে চান, তিনি আবার একসঙ্গে কাজ করতে চান কি না। রাজি হয়ে যান অভিনেত্রী।
শুভশ্রীর কথায়, আমরা প্রায় একই সময়ে কেরিয়ার শুরু করেছিলাম। যেদিন সেটে এলাম, আমার ধারণাই ছিল না যে দেব এতটা প্রস্তুত হয়ে সেটে এসেছে। পরিচালক হিসেবে ওর মাথার মধ্যে সবকিছু ভীষণ পরিষ্কার ছিল। আমার তো হিংসে হচ্ছিল যে, আমরা একসঙ্গে শুরু করলাম, অথচ ও এতকিছু শিখে গেল কি করে! আমি তো শিখতে পারলাম না।
প্রসঙ্গত, লাদাখে জমজমাট শ্যুটিং শেষ হওয়ার পর থেকেই টলিপাড়ায় উত্তেজনার পারদ চড়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী পুজোতেই বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা দেব-শুভশ্রী জুটির এই নতুন প্রজেক্টের।