সকালে ঘুম ভাঙল বিভীষিকায়! কন্টেনারে বাসের সজোরে ধাক্কা, মৃত ৬, হাসপাতালে ২০

সবেমাত্র পূর্বাকাশে ফুঁটেছে ভোরের আলো। ঘড়ির কাঁটায় তখন সবেমাত্র পাঁচটা ছুঁইছুঁই। হঠাৎই বিকট শব্দে কেঁপে উঠল তেলাঙ্গানার সূর্যপেট জেলার কোদাদ মণ্ডলের ডোরাকুন্তা এলাকা। বুধবার সকালে একটি কন্টেনার ট্রাকের পিছনে যাত্রীবাহী বেসরকারি বাস সজোরে ধাক্কা মারলে ঘটে যায় এক মর্মান্তিক পথদুর্ঘটনা। দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটির ভিতর থেকে যাত্রীদের আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশ। এই ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬ জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন অন্তত ২০ জন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি হায়দরাবাদ থেকে অন্ধ্রপ্রদেশের এলুরু যাচ্ছিল। সূর্যপেটের কোদাদের কাছে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সামনে থাকা একটি কন্টেনারে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪২ জন যাত্রী ছিলেন। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারাই প্রথমে ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। খবর পাওয়া মাত্রই পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন সূর্যপেটের এসপি নরসিংহ। তিনি জানান, ভোর পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ ছিল। বাসের ভেতর বহু যাত্রী আটকে পড়েছিলেন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা ৬ জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গিয়েছে— ওয়াই চিন্নি (৩২), বি মেরি জোশনা (২৯) এবং চেন্নাকেশাভুলু নগেন্দ্রবাবু (২১)। বাকি আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

খবর পাওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে পুলিশ ও হাইওয়ে পেট্রোল দল ঘটনাস্থলে পৌঁছেছিল বলে জানান এসপি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাসটির অতিরিক্ত গতির কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। আহত যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে দুর্ঘটনার আসল কারণ খোঁজার চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *