মাত্র ১৪ হাজারে ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি! দেশীয় ব্র্যান্ড লাভা নিয়ে এল দুর্দান্ত ৫জি ফোন

দেশীয় স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা লাভা (Lava) ভারতীয় বাজারে তাদের জনপ্রিয় ‘Virat’ সিরিজের পরিধি বাড়িয়ে লঞ্চ করল নতুন মডেল Lava Virat V1 Pro 5G। সোমবার লঞ্চ হওয়া এই ফোনটি সংস্থার বিরাট সিরিজের তৃতীয় সংযোজন। বাজেট ও পারফরম্যান্সের কথা মাথায় রেখে তৈরি এই ফোনটি খুব শীঘ্রই ই-কমার্স প্ল্যাটফর্ম ও অফলাইন রিটেল আউটলেটগুলির মাধ্যমে সাধারণ ক্রেতাদের হাতে পৌঁছবে।
দাম ও লভ্যতা
Lava Virat V1 Pro 5G ফোনটি একটিমাত্র র্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টেই বাজারে আনা হয়েছে। ফোনটির আসল দাম ১৫,৯৯৯ টাকা রাখা হলেও, লঞ্চ অফারের আওতায় নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে মিলবে সোজা ২,০০০ টাকার ছাড়। এর ফলে গ্রাহকরা মাত্র ১৩,৯৯৯ টাকা খরচ করেই ফোনটি কিনতে পারবেন।
আগামী ৩১ আগস্ট দুপুর ১২টা থেকে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart)-এ ফোনটির প্রথম সেল শুরু হবে। সিকিম মিডনাইট (Sikkim Midnight) এবং স্পিতি ফ্রস্ট (Spiti Frost)— এই দুটি আকর্ষণীয় কালার অপশনে ফোনটি কেনা যাবে।
মূল স্পেসিফিকেশন ও ফিচার
ডুয়েল সিম যুক্ত এই বাজেট ফ্রেন্ডলি ৫জি ফোনটিতে লেটেস্ট Android 16 অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে একটি অক্টা-কোর Unisoc T8200 প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড ২.৬ গিগাহার্জ। সঙ্গে রয়েছে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ।
ফোনের সামনে রয়েছে একটি বড় ৬.৭৫ ইঞ্চির এইচডি প্লাস (720×1600 পিক্সেল) এলসিডি ডিসপ্লে, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য ফোনের পেছনে রয়েছে এআই (AI) ফিচার যুক্ত ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা ইউনিট এবং সামনে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়া ফোনটিতে ধুলো ও জল প্রতিরোধের জন্য রয়েছে IP64 রেটিং।
দীর্ঘ ব্যাকআপের জন্য এই হ্যান্ডসেটে দেওয়া হয়েছে শক্তিশালী 6,000mAh ব্যাটারি। কানেক্টিভিটির ক্ষেত্রে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৫, ব্লুটুথ ৫.৪, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। বাজেটপ্রেমীদের জন্য এই ফোনটি বাজার কাঁপাতে পারে বলেই মনে করছে প্রযুক্তি মহল।