এক ধাক্কায় কোষাগার থেকে খরচ হাজার কোটি! সাধারণ মানুষের জন্য কোন বড় সিদ্ধান্ত নিলেন বিজয়?

জনকল্যাণমূলক পদক্ষেপে বড়সড় চমক দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে সাধারণ মানুষের আর্থিক স্বাচ্ছন্দ্য ফেরাতে একগুচ্ছ নতুন প্রকল্পের ঘোষণা করেছেন তিনি। বিশেষ করে দ্রব্যমূল্যবৃদ্ধির বাজারে সাধারণ পরিবারের ওপর থেকে বাড়তি চাপ কমাতে একাধিক জনমুখী প্রকল্পের পরিবর্ধন ও নতুন সুবিধার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে পরিবেশ ও স্থানীয় মানুষের প্রতি সম্মান জানিয়ে একটি বিতর্কিত বিমানবন্দর প্রকল্প বাতিল করারও ঘোষণা করা হয়েছে।

অন্নপূর্ণী সুপার সিক্স প্রকল্পের আওতায় ফ্রি এলপিজি সিলিন্ডার

উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে রান্নার গ্যাসের ঘাটতি এবং লাগাতার দাম বৃদ্ধির ফলে সাধারণ পরিবারের বাজেট ওপরে টান পড়ছে। এই বিষয়টি মাথায় রেখে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে, বার্ষিক আড়াই লক্ষ টাকার কম আয়ের প্রতিটি পরিবারকে বছরে তিনটি করে এলপিজি সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। ‘অন্নপূর্ণী সুপার সিক্স’ (Annapoorani Super Six) নামের এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের কোষাগার থেকে বছরে প্রায় ৪,০০০ কোটি টাকা খরচ হবে। আগামী ২০২৭ সালের পোঙ্গল উৎসব থেকে এই প্রকল্প বাস্তবায়িত হবে এবং সিলিন্ডারের সমপরিমাণ অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে।

রূপান্তরকামীদের জন্যও বিনামূল্যে বাস ভ্রমণের সুবিধা

মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে ‘ভেট্রি পায়ানা থিট্টাম’ বা বিনামূল্যে বাস ভ্রমণের প্রকল্পের পরিবর্ধন করা হয়েছে। এখন থেকে মহিলারা কেবল সাধারণ বাসের পাশাপাশি এক্সপ্রেস, এলএসএস এবং ডিলাক্স পরিষেবাতেও সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। এমনকি এই সুবিধার আওতায় নিয়ে আসা হয়েছে রূপান্তরকামী ব্যক্তিদেরও। আগামী ২রা অক্টোবর অর্থাৎ মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী থেকে এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। এই বিশাল প্রকল্পের জন্য সরকারের বার্ষিক অতিরিক্ত প্রায় ৬,০০০ কোটি টাকা খরচ হবে বলে জানা গেছে।

বাতিল করা হলো পারান্দুর বিমানবন্দর প্রকল্প

জনকল্যাণমূলক এই ঘোষণার পাশাপাশি চেন্নাইয়ের কাছে প্রস্তাবিত বিতর্কিত পারান্দুর গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্পটি বাতিল করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্থানীয় কৃষক ও বাসিন্দারা এই প্রকল্পের তীব্র বিরোধিতা করে আন্দোলন চালিয়ে আসছিলেন। কৃষকদের স্বার্থকে প্রাধান্য দিয়ে এবং কোনো পরিবারকে যাতে বাস্তুচ্যুত হতে না হয়, সেই কথা মাথায় রেখেই বিকল্প স্থান খোঁজার নির্দেশ দিয়েছে সরকার। পাশাপাশি চেন্নাই বিমানবন্দরের পরিকাঠামো উন্নত করতে একটি নতুন ‘টার্মিনাল ৫’ তৈরির কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বিজয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *