ডাব চিংড়ি তো অনেক খেলেন, কখনো ডাব চিকেন ট্রাই করেছেন কি? রইল সহজ রেসিপি

খাবারের পাতে একটু ভিন্ন স্বাদের খোঁজ কে না করে। বিশেষ করে আমিষ প্রেমীদের কাছে চিকেন মানেই তো উইকেন্ডের স্পেশাল আকর্ষণ। কিন্তু চেনা কষা মাংস বা চিকেন কষা খেতে খেতে অনেক সময়ই মুখ ক্লিশে হয়ে যায়। স্বাদ বদল করতে তাই অনেকে নতুন কোনো পদের খোঁজে থাকেন। আর ঠিক এই সময়েই পাতে নতুন চমক আনতে পারে লোভনীয় ডাব চিকেন। ডাব চিংড়ির নাম তো অনেকেরই শোনা, এমনকি রসিয়ে কষিয়ে খাওয়াও হয়েছে। তবে এবার চিংড়ির বদলে মুরগির মাংসে আনুন এক জাদুকরি পরিবর্তন। ডাবের মিষ্টি মালাই আর সুবাসে মাখানো এই পদটি আপনার সাধারণ রান্নার অভিজ্ঞতা সম্পূর্ণ বদলে দেবে। দেখে নিন কীভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলা সম্ভব এই সুস্বাদু পদটি।
প্রয়োজনীয় উপকরণ:
এই রেসিপির জন্য প্রধান উপকরণ হিসেবে লাগবে ৫০০ গ্রাম মুরগির মাংস। এর পাশাপাশি প্রয়োজন হবে এক চামচ পেঁয়াজ বাটা, এক চামচ রসুন বাটা, দুই টেবিল চামচ টক দই। রান্নার স্বাদ ও রঙের ভারসাম্য রাখতে লাগবে পরিমাণমতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচালঙ্কা এবং একটি কচি ডাব।
বানানোর প্রণালী:
প্রথমে মুরগির মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এরপর একটি পাত্রে মাংসের টুকরোগুলো নিয়ে তার মধ্যে টক দই, আদা-রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য সর্ষের তেল ও নুন দিয়ে ভালো করে মেখে নিন। মশলা মাখানো মাংস অন্তত ৩০ মিনিট ম্্যরিনেট হতে রেখে দিন।
এবার কড়াইতে সামান্য তেল গরম করে পেঁয়াজ বাটা এবং ম্্যরিনেট করা মাংস দিয়ে কষাতে শুরু করুন। মাংস সেদ্ধ হওয়ার জন্য জল হিসেবে কিসের ব্যবহার করবেন? এখানেই টুইস্ট। আলাদা জলের বদলে ডাবের কিছুটা জল ব্যবহার করতে পারেন, যা রান্নায় এনে দেবে এক অন্য মাত্রা। মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এবং মশলা থেকে তেল ছেড়ে এলে কষানো বন্ধ করে দিন।
এরপর মাংসটি নামিয়ে ফাঁকা ডাবের ভেতর ধীরে ধীরে ভরে দিন। ডাবের মুখটি ভালো করে বন্ধ করার জন্য আটা মেখে তা দিয়ে সিল করে দিতে হবে, যাতে ভেতরের সুবাস ও বাষ্প বাইরে বেরিয়ে না যায়। এবার গ্যাসের ওভেনের ওপর একটি লোহার জালি বসিয়ে তার ঠিক ওপরে ডাবটি বসিয়ে দিন। কম আঁচে ১৫ থেকে ২০ মিনিট এভাবেই রান্না করলেই তৈরি হয়ে যাবে আপনার দারুণ সুস্বাদু ডাব চিকেন। গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন এই স্পেশাল পদ।