কে বেঁধেছিলেন পৃথিবীর প্রথম রাখি? ভাই-বোনের মিষ্টি উৎসবের নেপথ্যের এই পৌরাণিক রহস্য চমকে দেবে!

ভাই-বোনের মিষ্টি সম্পর্ক আর ভালোবাসার প্রতীক হল রাখিবন্ধন। এই বিশেষ দিনে দিদি বা বোনেরা ভাইয়ের হাতে পবিত্র সুতো বেঁধে দেয় আর ভাইয়েরাও সারাজীবন পাশে থাকার প্রতিশ্রুতি নেয়। কিন্তু কখনও কি মনে প্রশ্ন জেগেছে, ঠিক কীভাবে শুরু হয়েছিল এই রাখি বাঁধার চল আর কেই বা প্রথম বেঁধেছিলেন এই সুরক্ষাসূত্র?
ইতিহাস ও পৌরাণিক তথ্য ঘাঁটলে দেখা যায়, কে প্রথম রাখি বেঁধেছিলেন, তার কোনো নির্দিষ্ট একটি উত্তর নেই। তবে বিভিন্ন পৌরাণিক গল্প, লোকবিশ্বাস এবং ইতিহাসের পাতায় ছড়িয়ে থাকা বেশ কিছু চমকপ্রদ কাহিনি থেকে এই উৎসবের উৎপত্তির হদিশ মেলে। ভবিষৎ পুরাণের একটি জনপ্রিয় কাহিনি অনুযায়ী, রাখির প্রথম সূচনা কিন্তু কোনো ভাই-বোনের মধ্যে হয়নি। অসুরদের সঙ্গে দীর্ঘ যুদ্ধে দেবরাজ ইন্দ্র যখন বিপদে পড়েছিলেন, তখন তাঁর সুরক্ষার জন্য স্ত্রী শচী দেবী এগিয়ে আসেন। তিনি বিশেষ মন্ত্রোচ্চারণ করে একটি লাল সুতো ইন্দ্রের ডান কবজিতে বেঁধে দিয়েছিলেন, যার প্রভাবে সেই যুদ্ধে জয়লাভ করেছিলেন দেবরাজ।
আরেকটি অতি সুন্দর পৌরাণিক কাহিনি জড়িয়ে রয়েছে দেবী লক্ষ্মী আর অসুররাজ বলিকে নিয়ে। ভগবান বিষ্ণু যখন পাতালপুরীতে বলির পাহারা দিতে গিয়ে বৈকুণ্ঠে আর ফিরছিলেন না, তখন লক্ষ্মী এক সাধারণ নারীর ছদ্মবেশে পাতালে গিয়ে বলির হাতে সুতো বেঁধে তাঁকে নিজের ভাই বানিয়ে নেন। পরবর্তীতে বলির কাছে নিজের আসল পরিচয় জানিয়ে বিষ্ণুকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করলে, পাতালরাজ রাখির মর্যাদা রেখে বিষ্ণুকে মুক্তি দিয়েছিলেন। এ ছাড়া শ্রীকৃষ্ণ ও দ্রৌপদীর গভীর স্নেহের সম্পর্ক কিংবা মেওয়ারের রানি কর্ণাবতীর মুঘল সম্রাট হুমায়ুনকে রাখি পাঠানোর ঐতিহাসিক কাহিনিও এই উৎসবের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। সব মিলিয়ে বিভিন্ন পৌরাণিক ও ঐতিহাসিক কাহিনীর হাত ধরেই আজকের এই পবিত্র বন্ধন রূপ পেয়েছে।