সাতসকালে বুলডোজার নিয়ে হাজির পুলিশ! রবিবারেও আদালতের নির্দেশে কীভাবে বাঁচল বাড়িটি?

রবিবারের ছুটির দিনেও বসেছে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ। টালিগঞ্জে বেআইনি নির্মাণের অভিযোগে পুলিশ ও পুরনিগমের বুলডোজার চালানোর তৎপরতার বিরুদ্ধে জরুরি ভিত্তিতে শুনানি করে বাড়ি ভাঙার কাজের ওপর বড় ধরনের স্থগিতাদেশ দিল আদালত। বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চ জানিয়েছে, আইন অনুযায়ী বাড়ি ভাঙার আগে মামলাকারীকে অন্তত ৩০ দিন সময় দেওয়ার কথা থাকলেও পুর কর্তৃপক্ষ সেই নিয়ম মানেননি।

পুরনিগম সূত্রে জানা গেছে, টালিগঞ্জের সতীশ মুখার্জি রোডের একটি সম্পত্তি ভাঙার নির্দেশ জারির মাত্র কয়েক দিনের মধ্যেই তা কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়। নোটিশ পাওয়ার পরেই বাড়িটির বাসিন্দা অনিতা দাস কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আদালতের পর্যবেক্ষণ, কলকাতা পুরনিগম আইনের নির্দিষ্ট ধারা অনুযায়ী ট্রাইব্যুনালে আপিল করার উপযুক্ত ও অর্থবহ সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে আবেদনকারীকে। এর ফলে আইনের স্পষ্ট লঙ্ঘন ঘটেছে বলে মনে করছে আদালত। আপাতত আগামী ৩০ দিনের জন্য ওই নির্মাণ ভাঙার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *