মুম্বইয়ে পথকুকুরদের জন্য হাই-টেক ব্যবস্থা! স্ক্যান করলেই মিলবে সমস্ত স্বাস্থ্য সংক্রান্ত তথ্য

দেশের আর্থিক রাজধানীতে পথকুকুরের উপদ্রব ও জলাতঙ্কের মতো মারাত্মক রোগ প্রতিরোধে এক অভিনব ও যুগান্তকারী পদক্ষেপ করল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। এবার থেকে মুম্বইয়ের পথকুকুরদের গলায় পরানো হবে বিশেষ কিউআর কোডযুক্ত রিফ্লেক্টিভ কলার। এর ফলে রাস্তার কুকুরদের সুনির্দিষ্ট ডেটাবেস তৈরি করার পাশাপাশি তাদের স্বাস্থ্য ও টিকাকরণের সঠিক হিসেব রাখা আরও সহজ হবে বলে মনে করছেন কর্তারা।
প্রশাসন সূত্রে জানা গেছে, নির্দিষ্ট ওই কিউআর কোডটি স্ক্যান করলেই সংশ্লিষ্ট কুকুরের জলাতঙ্কের টিকা নেওয়া হয়েছে কি না বা তার নির্বীজকরণ সম্পূর্ণ হয়েছে কি না, সেই সমস্ত তথ্য চলে আসবে হাতের মুঠোয়। এছাড়া রাতের অন্ধকারে আলোর প্রতিফলনে এই কলারগুলি দূর থেকেই দৃশ্যমান হবে, যা পথচলতি মানুষ ও চালকদের সুরক্ষার দিক থেকেও বেশ সাহায্য করবে। ২০৩০ সালের মধ্যে মুম্বইকে সম্পূর্ণ জলাতঙ্ক মুক্ত করার লক্ষ্যেই এই মেগা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে।