বাংলার বাতাসে উন্নয়নের সুবাস! কলকাতার মাটি থেকেই আত্মনির্ভর ভারতের বিরাট বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী

কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স বা জিআরএসই-তে সাড়ে তিন হাজার কোটি টাকার পাঁচটি মেগা প্রতিরক্ষা প্রকল্পের শিলান্যাস করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এই মঞ্চ থেকেই প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট বার্তা দেন, ভারত আগামীদিনে আর আমদানিনির্ভর থাকবে না, বরং বিশ্বমঞ্চে সামরিক সরঞ্জাম প্রস্তুতকারক দেশ হিসেবে নেতৃত্ব দেবে।
রাজ্যের বর্তমান প্রশাসন ও শিল্প পরিস্থিতির প্রশংসা করে রাজনাথ সিং বলেন, বাংলার বাতাসে আজ উন্নয়নের নতুন সুবাস বইছে। যেখানে একসময় পশ্চিমবঙ্গে ক্রমাগত শিল্প বন্ধ হওয়ার খবর আসত, সেখানে আজ নতুন শিল্পের সম্প্রসারণের খবর সামনে আসছে। রাজ্যের প্রশাসনিক তৎপরতার দৃষ্টান্ত দিতে গিয়ে তিনি জানান, সীমান্ত সুরক্ষার জন্য মাত্র ১০৬ দিনের মধ্যে বর্তমান সরকার ১১০০ একর জমি বরাদ্দ করেছে বিএসএফকে।
এদিন যে পাঁচটি প্রকল্পের শিলান্যাস হয়, তার মধ্যে তিনটি জিআরএসই-র—রায়চক শিপইয়ার্ড, টিম্বার পন্ড এবং হাওড়া শিপবিল্ডিং ফেসিলিটি। বাকি দু’টি প্রকল্প যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের (ওয়াইআইএল)। এর আওতায় ইছাপুরের কারখানায় ৩০০০ টন ক্ষমতার হাইড্রোলিক ওপেন ডাই ফোর্জিং প্রেস তৈরি হচ্ছে। প্রতিরক্ষাক্ষেত্রে স্বনির্ভরতার উপর জোর দিয়ে তিনি জানান, উন্নত ভারত গড়তে দেশীয় কোম্পানিগুলির আধিপত্য দরকার এবং অপারেশন সিঁদুরের সময় বিশ্ব ভারতের দেশীয় অস্ত্র ব্যবস্থার ক্ষমতা দেখেছে।