মিথ্যা ও মানহানিকর খবর ছড়ালে ১০০ কোটি টাকার মামলা! আইনি পদক্ষেপের পথে কড়া হুঁশিয়ারি গোবিন্দার

নিজের এবং পরিবারের নাম জড়িয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়ানো ভুয়ো, মানহানিকর এবং যাচাই না করা তথ্যের বিরুদ্ধে অবশেষে আইনি পদক্ষেপ করলেন অভিনেতা গোবিন্দা। সম্প্রতি স্ত্রী সুনীতা আহুজা ও অভিনেত্রী রাখি সাওয়ান্তের একটি ভাইরাল কথোপকথনকে কেন্দ্র করে অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়। তার পরেই কড়া আইনি নোটিশ জারি করে মিডিয়া হাউস, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এবং কনটেন্ট ক্রিয়েটরদের সতর্ক করেছেন এই অভিনেতা।

আইনি নোটিশে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির অপব্যবহারের বিষয়টি। অভিনেতার নাম, ছবি, কণ্ঠস্বর বা পরিচয় বিকৃত করে বা মফ্‌ড ছবি এবং ডিপফেক ভিডিও তৈরি করে যাঁরা প্রচার চালাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গোবিন্দার স্পষ্ট বক্তব্য, অনুমতি ছাড়া ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তাঁর বা তাঁর পরিবারের কোনও তথ্য বা পরিচয় ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী মানহানি, গোপনীয়তা লঙ্ঘন এবং সাইবার অপরাধের ধারায় দেওয়ানি ও ফৌজদারি মামলার মুখোমুখি হতে পারেন এই ধরনের অপরাধীরা। পরিস্থিতি অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হতে পারে বলেও নোটিশে জানানো হয়েছে। পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা, সম্পত্তি সংক্রান্ত লেনদেন আটকে দেওয়া এবং পাসপোর্ট বাজেয়াপ্ত করার মতো আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

প্রধানত ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেগুলি ভিউ পাওয়ার আশায় দায়িত্বজ্ঞানহীনভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, সেগুলিই এখন কড়া নজরদারির আওতায় রয়েছে। কোনও রকম সত্যতা যাচাই না করে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভিত্তিহীন খবর পরিবেশন করা রোধ করতেই এই কড়া পদক্ষেপ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *