মলদ্বীপের নীল সাগরে প্রপোজাল! রিং বদলেই কি বিয়ের ঘোষণা সারলেন পরিচালক সপ্তাশ্ব বসু?

টলিপাড়ায় ফের বিয়ের সানাই বাজতে চলেছে। দীর্ঘদিনের প্রেমকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে বিদেশে বাগদান সেরে ফেললেন পরিচালক সপ্তাশ্ব বসু এবং অভিনেত্রী অপালা চৌধুরী। মলদ্বীপের বিশাল নীল সাগরকে সাক্ষী রেখে প্রেমিকাকে আংটি পরালেন পরিচালক। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই বিশেষ মুহূর্তের একটি সুন্দর ভিডিও শেয়ার করতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, আচমকা এই রোমান্টিক প্রপোজালে আবেগাপ্লুত হয়ে পড়েন অপালা। এর পর শ্যাম্পেনের গ্লাস হাতে নিয়ে দু’জনে এই খুশির মুহূর্ত উদ্যাপন করেন। তাঁদের এই প্রেমের স্বীকৃতি দেখে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন সহকর্মী থেকে শুরু করে অনুরাগীরাও।
টালিগঞ্জ সূত্রে খবর, কাজের সূত্রে শুটিং ফ্লোরেই আলাপ হয়েছিল সপ্তাশ্ব ও অপালার। সেখান থেকেই বন্ধুত্ব এবং পরে তা প্রেমে রূপ নেয়। নিজেদের সম্পর্ক নিয়ে কখনও রাখঢাক করেননি এই জুটি। বিভিন্ন অনুষ্ঠান বা ছবির প্রচারে তাঁদের নিয়মিত একসঙ্গে দেখা যেত। দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরে জল্পনা ছিল, কবে ছাদনাতলায় বসবেন তাঁরা।
অবশেষে বাগদানের পর টলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, চলতি বছরের শেষেই কিংবা আগামী বছরের শুরুতে গাঁটছড়া বাঁধতে চলেছেন এই জুটি। যদিও বাগদানের ভিডিও প্রকাশ্যে আনলেও বিয়ের দিনক্ষণ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি সপ্তাশ্ব বা অপালা কেউই।