Gen-Z-দের মন বুঝতে এবং মোদীর ভাবমূর্তি ফেরাতে, দেশ জুড়ে প্রচারে নামছে BJP

দিল্লির যন্তর মন্তরে সাম্প্রতিক ছাত্রবিক্ষোভ এবং জেন জি (Gen Z) আন্দোলন জাতীয় রাজনীতিতে এক প্রকার অস্বস্তিতে ফেলে দিয়েছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ও শাসকদল বিজেপিকে। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই সমস্ত আন্দোলনের জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবমূর্তিতেও প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে দেশের তরুণ প্রজন্মের মন বুঝতে এবং মোদীর ভাবমূর্তি পুনরুদ্ধারে এবার বড়সড় প্রচার অভিযানের সিদ্ধান্ত নিল ভারতীয় জনতা পার্টি।

চলতি বছরের শুরুতে বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেন নীতিন নবীন। সম্প্রতি তাঁর নতুন টিমও ঘোষণা করা হয়েছে। শনিবার সেই সমস্ত পদাধিকারীদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসেন তিনি। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, তরুণ সমাজ ও যুবসম্প্রদায়ের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তুলতে বিশেষ জনসংযোগ কর্মসূচি গ্রহণ করা হবে। এই উদ্দেশ্যে দলের পক্ষ থেকে একটি বিশেষ টিমও গঠন করা হয়েছে। সেই টিমে রাখা হয়েছে দলের দুই সাধারণ সম্পাদক স্মৃতি ইরানি ও বিনোদ তাওড়েকে। পাশাপাশি গুজরাটের মন্ত্রী হর্ষ সাংভি এবং ছত্তিসগড়ের মন্ত্রী ওপি চৌধুরীও এই টিমের অংশ হিসেবে দায়িত্ব সামলাবেন।

এদিকে নবনিযুক্ত পদাধিকারীদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দলীয় বৈঠকগুলির মূল লক্ষ্য স্পষ্ট করে দিয়েছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন যে, এই ধরনের সাংগঠনিক আলোচনার একমাত্র উদ্দেশ্য দলকে আরও শক্তিশালী করা। পাশাপাশি, সাধারণ মানুষের কাছে পৌঁছাতে নতুন নতুন জনসংযোগের কৌশল খুঁজে বের করারও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

অন্যদিকে, রাজ্য হোক বা দেশজুড়ে প্রশাসনের শীর্ষ আসনে নরেন্দ্র মোদীর সফলভাবে ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামী এক মাস অর্থাৎ সেপ্টেম্বর ও অক্টোবর মাস জুড়ে ‘সেবা সঙ্কল্প অভিযান’-এর ডাক দিয়েছেন দলীয় সভাপতি নীতিন নবীন। বিজেপি নেতৃত্বের দাবি, একজন প্রশাসক হিসেবে মোদীর বিগত বছরগুলির একের পর এক সাফল্য দেশবাসীর সামনে তুলে ধরাই এই অভিযানের মূল লক্ষ্য।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই উদ্যোগ কেবল জেন জি-র ক্ষোভ প্রশমিত করার জন্যই নয়, বরং সাম্প্রতিক ছাত্র ও কৃষক আন্দোলন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি, বেকারত্ব এবং বিদেশ নীতির মতো একাধিক ইস্যু বিরোধীদের হাতে অস্ত্র হয়ে ওঠার প্রেক্ষাপটেই এই কৌশল নিয়েছে শাসক শিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *