বাংলা ছবির দুনিয়ায় বড় চমক! পুতুলকে সঙ্গী করে এবার ভেন্টিলোকুইস্ট শাশ্বত চ্যাটার্জি, আসছে নতুন ছবি ‘হাবুল’

বাংলা চলচ্চিত্র জগতে আসতে চলেছে এক সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প। পরিচালক ডঃ কৃষ্ণেন্দু চ্যাটার্জির নতুন ছবিতে জুটি বাঁধছেন অভিনেতা শাশ্বত চ্যাটার্জি। এই সিনেমায় তাঁকে দেখা যাবে একজন ভেন্টিলোকুইস্ট শিল্পীর ভূমিকায়। সহজ ভাষায় যিনি কথা বলা পুতুল নিয়ে শো করেন, সেই গ্রাম্য ধাঁচের এক সাধারণ মানুষের জীবনযাত্রা ও সংগ্রাম ফুটে উঠবে এই ছবির গল্পে। ছবির মূল আকর্ষণ ওই কথা বলা পুতুলটি, যার নাম হাবুল। আর পুতুলের নামানুসারেই ছবির নামকরণ করা হয়েছে ‘হাবুল’।
সম্প্রতি সমাজমাধ্যমে পরিচালক নিজেই ছবিটির প্রথম পোস্টার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, দেখা হচ্ছে বড়পর্দায়, পরের বছর। অন্যতম প্রধান ভূমিকায় শাশ্বত চ্যাটার্জি। বাকিটা ক্রমশ প্রকাশ্য। এই ছবিতে শাশ্বত চ্যাটার্জির ছেলের চরিত্রে দেখা যাবে নবাগত খুদে অভিনেতা ইভান সিনহাকে। এছাড়াও আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বাংলা চলচ্চিত্রের একাধিক পরিচিত মুখ।
ছবির প্রসঙ্গে পরিচালক ডঃ কৃষ্ণেন্দু চ্যাটার্জি জানান, চিত্রনাট্য ঘষামাজার কাজ চলছে। বাংলায় এই ধরনের গল্প আগে দেখানো হয়নি। পাশাপাশি অভিনেতা শাশ্বত চ্যাটার্জিও এর আগে এমন অভিনব চরিত্রে কাজ করেননি। সাধারণত ভেন্টিলোকুইজম বা কথা বলা পুতুল নিয়ে এর আগে যে ছবিগুলো তৈরি হয়েছে, সেগুলোর সবকটিতেই কোনো না কোনোভাবে ভৌতিক ছোঁয়া বা থ্রিলারের আবহ থাকে। কিন্তু এই ছবির ক্ষেত্রে পুতুলটি কোনো ভয়ের কারণ নয়, বরং ওই সাধারণ পরিবারেরই একজন সদস্য। এই ছিমছিম পারিবারিক গল্প এবং সরলতার মাঝেই ছবির আসল স্বাদ লুকিয়ে রয়েছে বলে জানান পরিচালক।
অ্যাম্পেল ড্রিম ডেভেলপার্স-এর ব্যানারে ডঃ অমিত সিনহার প্রযোজনায় তৈরি হচ্ছে ‘হাবুল’। এই ছবির পরিচালনার দায়িত্বের পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন খোদ কৃষ্ণেন্দু চ্যাটার্জি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৭-এর শুরুতেই ছবির শুটিং ফ্লোরে যাওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে বড়পর্দায় এই নতুন ঘরানার ছবি দেখার জন্য এখন থেকেই দর্শকের মনে কৌতূহল দানা বাঁধতে শুরু করেছে।