আইএসএফ ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই হামলা, গাড়ি লক্ষ্য করে বোমা ও ইটের বৃষ্টির মুখে আরাবুল ইসলাম

আইএসএফ ছাড়ার মাত্র ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বড়সড় হামলার মুখে পড়লেন প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। শনিবার রাতে বাড়ি ফেরার সময় তাঁর গাড়ি লক্ষ্য করে পরপর বোমা ও ইট ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে। অল্পের জন্য এই যাত্রায় রক্ষা পেলেও রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র শোরগোল শুরু হয়েছে।
শনিবার রাতে ভাঙড়ের পোলেরহাট থানার উরিয়াপাড়া এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন আরাবুল। সেই সময়ই একদল দুষ্কৃতী তাঁর গাড়ি লক্ষ্য করে দুটি বোমা ও ইট ছোড়ে বলে অভিযোগ। ইটের আঘাতে গাড়ির পিছনের কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। বোমা এবং ইটের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। গাড়িটি ভালো গতিতে থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে দাবি করেছেন প্রাক্তন বিধায়ক।
এই ঘটনার পরেই সরাসরি আইএসএফের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন আরাবুল ইসলাম। তিনি জানিয়েছেন, দল ছাড়ার পরই সুপরিকল্পিতভাবে তাঁর উপর এই হামলা চালানো হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। এই ঘটনায় ইতিমধ্যেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।
উল্লেখ্য, শুক্রবারই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে আইএসএফ ত্যাগের কথা ঘোষণা করেছিলেন আরাবুল। সেখানে দলের স্বৈরাচার এবং একনায়কতন্ত্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। দল ছাড়ার ঠিক পরের দিনই রাতে এই বোমাবাজির ঘটনায় ভাঙড় জুড়ে নতুন করে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে।