‘২০০ কোটি টাকার সম্পত্তি ছাড়ব না!’ তৃতীয় ব্যক্তির এন্ট্রি হতেই গোবিন্দকে নিয়ে বিস্ফোরক সুনীতা ও রাখী সবন্ত

বলিপাড়ায় ফের উত্তাপ! অভিনেতা গোবিন্দ (Govinda) এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজার (Sunita Ahuja) সম্পর্ক নিয়ে চলা জল্পনা এখন বিনোদন দুনিয়ার হট কেক। গোবিন্দের নামে সুনীতার স্বয়ং বিচ্ছেদের মামলা দায়ের করা নিয়ে এতদিন গুঞ্জন শোনা গেলেও, সম্প্রতি খোদ গোবিন্দ-পত্নী নিজেই এর নেপথ্যের আসল সত্য সামনে এনেছেন।
দীর্ঘদিন ধরেই দুজনে আলাদা থাকছেন—এমন খবর ওপেন সিক্রেট। এর আগে গুঞ্জন রটেছিল যে, বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন সুনীতা। যদিও পরবর্তীতে আইনজীবীর মাধ্যমে মামলা তুলে নেওয়ার কথা জানানো হয় এবং গণেশ চতুর্থী থেকে করবা চৌথ—সব উৎসবেই একসঙ্গে দেখা যায় তাঁদের। কিন্তু সম্প্রতি ছেলেকে সঙ্গে নিয়ে সুনীতার ফের আদালতে যাওয়ার খবরে নতুন করে পারদ চড়েছে।
কেন বিচ্ছেদের মামলা তুলে নিলেন সুনীতা? সম্প্রতি বিমানবন্দরে অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে গোবিন্দের একটি ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়। আগামী ছবিতে গোবিন্দের বিপরীতে দেখা যাবে এই অভিনেত্রীকে। গুঞ্জন ছড়িয়েছে, ওই অভিনেত্রীর সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা এবং তাঁরা একসঙ্গে সংসার পাতার পরিকল্পনা করছেন।
এই খবর কানে আসতেই ময়দানে নামেন সুনীতা। তাঁর সাফ কথা, তিনি কিছুতেই চান না গোবিন্দ নতুন কোনো সম্পর্কে জড়িয়ে তাঁকে দূরে সরিয়ে দিন। গোবিন্দকে নিজের আয়ত্তে রাখতে এবং অন্য কারও সঙ্গে তাঁর ঘর বাঁধার স্বপ্ন ভেঙেই তিনি বিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিয়েছেন।
কী বললেন রাখী সবন্ত? সুনীতার এই সাহসী পদক্ষেপে তাঁর পাশে দাঁড়িয়েছেন ড্রামা কুইন রাখী সবন্ত (Rakhi Sawant)। সুনীতার উদ্দেশে রাখী মন্তব্য করেন, তিনি চাইলে অনেক চরম পদক্ষেপ নিতে পারতেন, কিন্তু তা না করে নিজের ভালোবাসাকে আগলে রেখেছেন। পাশাপাশি, গোবিন্দের সম্পত্তির কথা মনে করিয়ে দিয়ে রাখী পরামর্শ দিয়েছেন যে, সুনীতার উচিত প্রায় ২০০ কোটির সম্পত্তির ওপর নজর রাখা, যাতে তৃতীয় কোনো ব্যক্তি এসে সমস্ত অধিকার কেড়ে নিতে না পারেন।
অন্যদিকে, এই সমস্ত নেতিবাচক মন্তব্য ও গুঞ্জন প্রসঙ্গে গোবিন্দের স্পষ্ট বার্তা— না জেনে কোনো মানুষকে নিয়ে এভাবে ট্রোল বা নেতিবাচক প্রচার করা একেবারেই উচিত নয়।