ব্যাঙ্কের সামনে স্ত্রীকে গুলি, পরে বোনকে খুন! অভিযুক্ত স্বামীর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শিহরণ

লখনউয়ে বেসরকারি ব্যাঙ্কের বাইরে স্ত্রীকে গুলি করে খুন এবং পরবর্তীতে নিজের বোনকে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় নতুন মোড় সামনে এসেছে। অভিযুক্ত মানস বাজপেয়ীর বিরুদ্ধে এবার একের পর এক ভয়ঙ্কর নির্যাতনের অভিযোগ তুললেন নিহত দিব্যা মিশ্রর বোন তথা বিশিষ্ট ইউটিউবার ও সাংবাদিক প্রজ্ঞা মিশ্র। তাঁর দাবি, দীর্ঘদিন ধরেই স্বামীর চরম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন দিব্যা।

পচা টমেটো নিয়েও মারধর!

সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ‘X’-এ একাধিক পোস্টে প্রজ্ঞা মিশ্র দাবি করেছেন যে, মানস অত্যন্ত ছোটখাটো বিষয় নিয়ে দিব্যাকে মারধর করতেন। এমনকী, অনলাইন অ্যাপ ‘ব্লিংকিট’ থেকে অর্ডার করা টমেটোর মধ্যে একটি পচা বের হওয়ার অপরাধেও দিব্যাকে অকথ্য নির্যাতন সহ্য করতে হয়েছিল। শুধু তাই নয়, দিব্যার মায়ের ওপরও মানস হাত তুলেছিলেন বলে অভিযোগ।

প্রায় ১২ বছর আগে তাঁদের বিয়ে হলেও গত এক বছরেরও বেশি সময় ধরে তাঁরা আলাদা থাকছিলেন। এমনকি বিবাহবিচ্ছেদের মামলাও দায়ের করেছিলেন দিব্যা। প্রজ্ঞার আরও দাবি, বিয়ের রাতেই সংসারের খরচ ভাগাভাগি নিয়ে একটি তালিকা তৈরি করেছিলেন মানস। সম্প্রতি দিব্যা খরচের টাকা দেওয়া বন্ধ করায় মানস তাঁকে অবৈধ সম্পর্কের মিথ্যা অভিযোগে অভিযুক্ত করতে শুরু করেন। এত কিছুর পরেও দিব্যা স্বামী ও সংসার ঠিক হয়ে যাওয়ার আশা ছেড়ে দেননি এবং ‘তীজ’ ব্রত পালনের প্রস্তুতি নিচ্ছিলেন।

নৃশংস হত্যাকাণ্ড ও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস

উল্লেখ্য, গত বৃহস্পতিবার লখনউয়ে একটি ICICI Bank-এর শাখার বাইরে দিব্যাকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেন মানস। এরপর তিনি সোজা নিজের বাড়িতে ফিরে গিয়ে মানসিকভাবে অসুস্থ নিজের ২৮ বছরের বোন শিবা বাজপেয়ীকেও গুলি করে খুন করেন। পুলিশ সূত্রে জানা গেছে, এর পরপরই অভিযুক্ত মানস নিজেও আত্মহত্যা করেন। চাঞ্চল্যকর বিষয় হল, এই জোড়া খুনের পর মানসের একটি WhatsApp Status প্রকাশ্যে আসে, যেখানে তিনি স্ত্রী ও বোনকে খুন করার কথা নিজেই স্বীকার করেছিলেন। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *