অগ্নিমূল্য বাজারে ছ্যাঁকা মধ্যবিত্তের পকেটে! কোন কোন জিনিসের দামে হু হু লাফ?

বাজারে গেলে যেন হাত পুড়ছে মধ্যবিত্তের। চিনির দাম চড়ার পাশাপাশি পাল্লা দিয়ে লাফিয়ে বাড়ছে সরষের তেল, ডাল, ময়দা থেকে শুরু করে প্রায় সমস্ত কাঁচা সবজির দাম। কোনো ক্ষেত্রে ১০ থেকে ১৫ টাকা, আবার কোথাও ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত দাম বেড়ে যাওয়ায় প্রতিদিনের বাজার করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।
কোন জিনিসের কত দাম?
কলকাতার বিভিন্ন বাজারের সাম্প্রতিক হিসাব বলছে, বেগুনের দাম বেড়ে দাঁড়িয়েছে ৬০ থেকে ৮০ টাকা প্রতি কেজি। অন্যদিকে টমেটোর কেজি প্রতি দাম পৌঁছ গেছে ৪০ থেকে ৫০ টাকায়। এছাড়া কাঁচা লঙ্কা ৮০ থেকে ১০০ টাকা, পটল ৫০ থেকে ৮০ টাকা এবং বিনস ১৫০ টাকা প্রতি কেজিতে বিকোচ্ছে। মুদির পণ্যের বাজারেও একই ছবি দেখা যাচ্ছে। ছোলার ডাল ৯০ টাকা, অড়হর ডাল ১১১৫ টাকা এবং হলুদ ২৬০ টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি সরষের তেল ১৮০ টাকা এবং খোলা চিনি ৬৫ টাকা প্রতি কেজিতে ঠেকেছে।
বিক্রি কমেছে ব্যবসায়ীদেরও
লাগাতার মূল্যবৃদ্ধির জেরে একদিকে যেমন ক্রেতাদের পকেটে টান পড়ছে, তেমনই মার খাচ্ছে ব্যবসার দশা। জিনিসপত্রের দাম এত বেড়ে যাওয়ায় মানুষ এখন এক কেজির বদলে আধ কেজি সামগ্রী কিনে কাজ চালাতে বাধ্য হচ্ছেন। দুই সপ্তাহ আগেই বাজারদর নিয়ন্ত্রণে রাখতে নবান্নের নির্দেশে বিভিন্ন বাজারে টাস্ক ফোর্স, বিধায়ক ও মন্ত্রীরা নজরদারি চালালেও পরিস্থিতির বিশেষ কোনো বদল হয়নি। লাগামহীন এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন ক্রেতা থেকে শুরু করে ব্যবসায়ীরা সকলেই।